মিটার আছে মিটার নেই, 'খুশি' করার বায়না বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিটারে নির্ধারিত ভাড়ার সঙ্গে ‘খুশি’ করার আবদার জুড়ে দিয়ে বাড়তি ভাড়া আদায় করছেন রাজধানীর সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। তবে যাত্রী তুলে মিটার চালু রাখছেন তাঁরা। এর সঙ্গে থাকে ‘খুশি করার’ প্রস্তাব। এই বাড়তি টাকা দিতে রাজি না হলে তাঁরা যাত্রী নিচ্ছেন না। তবে চালকদের অভিযোগ, মালিকেরা জমার টাকা বৃদ্ধি করেছেন, তাই তাঁদের বাড়তি টাকা নিতে হচ্ছে।
পুরান ঢাকার চকবাজার, মিরপুর, মগবাজার, গুলশানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিন ভোরবেলা মিটার অনুসারে যথেষ্ট সিএনজি অটোরিকশা চলাচল করলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এর সংখ্যা কমে যায়। দুপুরের আগ পর্যন্ত ব্যস্ত সময়ে মিটারবিহীন ‘প্রাইভেট’ লেখা সিএনজিচালিত অটোরিকশা চোখে পড়ে বেশি। এসব অটোরিকশায় ভাড়ার হার মিটারের চাইতে দ্বিগুণেরও বেশি পড়ে বলে জানান যাত্রীরা। এ সময় মিটারযুক্ত অটোরিকশা থাকলেও এর চালকেরা চুক্তি ছাড়া চলতে রাজি হন না। মিটারে যাত্রী তুললেও দূরত্ব অনুসারে ভাড়ার সঙ্গে বাড়তি ২০ থেকে ৫০ টাকা দাবি করেন তাঁরা। চকবাজার থেকে মিরপুর, গুলশান কিংবা উত্তরার মতো এলাকায় যেতে হলে বেশির ভাগ চালকই চুক্তি ছাড়া যাত্রী নেন না।
মগবাজার ওয়্যারলেস টাওয়ারের সামনে গত বৃহস্পতিবার সিএনজি অটোরিকশা থেকে নেমে শওকত আকবর নামের এক যাত্রী বলেন, ব্যবসায়িক কাজে বায়তুল মোকাররম থেকে প্রতিদিন মগবাজারে সিএনজি অটোরিকশায় মালামাল বহন করে আনতে হয় তাঁকে। মিটারে ভাড়া ওঠে ১০০ টাকার মতো। তবে তাঁর সঙ্গে বাড়তি ১০ থেকে ২০ টাকা দিতে হয় বকশিশ হিসেবে। গত বুধবার দুপুরের পর বৃষ্টি হলে মিটারে যাত্রী নেওয়া বন্ধ করে দেন চালকেরা। বাধ্য হয়ে তাঁকে সেদিন ২০০ টাকার চুক্তিতে অটোরিকশা ভাড়া নিতে হয়। তবে চালক নূর ইসলাম বলেন, তিনি বাড়তি ভাড়া নেন না। কেউ খুশি হয়ে চা-পানির টাকা দিলে তা নেন।
বেসরকারি চাকরিজীবী ফয়সল আহমেদ প্রথম আলোকে বলেন, মেয়েকে নিয়ে মিরপুরের কালশী রোড থেকে মগবাজারের ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন যাতায়াত করতে হয়। মিটারে ভাড়া ওঠে ২০০ টাকা। কিন্তু চালককে এর সঙ্গে ৩০ থেকে ৫০ টাকা বেশি দিতে হয়। স্কুল শেষে চুক্তি ছাড়া কোনো অটোরিকশাচালক মিরপুরে আসতে রাজি হন না।
গত ১ নভেম্বর থেকে ঢাকায় সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ)। নতুন নির্ধারিত ভাড়ায় প্রথম দুই কিলোমিটারে আগের ২৫ টাকার পরিবর্তে ৪০ টাকা দিতে হয় যাত্রীকে। দুই কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়। প্রতি মিনিট বিরতির জন্য দিতে হয় দুই টাকা করে। আগে প্রতি মিনিট বিরতিতে এক টাকা চার পয়সা দিতে হতো। এদিকে ভাড়া বাড়ানোর পাশাপাশি চালকদের দৈনিক জমার পরিমাণও বাড়ানো হয়। মালিককে প্রতিদিন জমা বাবদ ৯০০ টাকা করে দিতে হয়। আগে ছিল ৬০০ টাকা। আগারগাঁওয়ে সিএনজি অটোরিকশাচালক ইসমাইল বলেন, মালিকেরা সারা দিনের জন্য ভাড়া না দিয়ে দিনে দুই বেলা অটোরিকশা ভাড়া দিতে আগ্রহ দেখান বেশি। প্রতি বেলার ভাড়া ৬০০ টাকা। এতে করে তাঁরা দিনে ১ হাজার ২০০ টাকা পান।
মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মালিকদের জমার টাকা বেশি আদায় ও চালকদের বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে কোনোভাবেই জমার টাকা ও ভাড়া বেশি আদায় করা যাবে না। নিয়মানুযায়ী ভাড়া ও জমার টাকা নেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। যেসব চালক ও মালিক বেশি টাকা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে অনুরোধ করেছি।’
যাত্রীরা বিআরটিএর কাছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন না বলে জানান সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ। তিনি প্রথম আলোকে বলেন, বেশি ভাড়া আদায়ের বিষয়ে অভিযান চালানো হয়। যাত্রীদের জিজ্ঞাসা করা হলে তাঁরা মিটারে ভাড়া নেওয়ার কথাই জানান। অনেক সময় চালকের সামনে কিছু বলতে হয়তো পারেন না, তাই যাত্রীরা বিআরটিএর ওয়েবসাইটে চালক সম্পর্কে বিস্তারিত অভিযোগ করতে পারেন।