মিটার আছে সংযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের হংশমিয়াজিরপাড়া ও সাইরার ডেইল গ্রামের বাসিন্দারা বৈদ্যুতিক মিটার পেয়েছেন প্রায় এক বছর আগে। কিন্তু তাঁরা এখনো সংযোগ পাননি। কবে নাগাদ বিদ্যুৎ-সংযোগ পাবেন, তা-ও জানেন না দুই গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, সাইরার ডেইল ও হংশমিয়াজিরপাড়া এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বসবাস। এই দুই গ্রামের আড়াই শ পরিবার পল্লী বিদ্যুতের সংযোগের জন্য আবেদন করে। প্রায় এক বছর আগে তাদের মিটারও দেওয়া হয়েছে। কিন্তু এখনো সংযোগ দেওয়া হয়নি।
গত শুক্রবার সাইরার ডেইল গ্রামে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে তার টানানো হয়েছে। তবে খুঁটিতে ট্রান্সফরমার লাগানো হয়নি।
সাইরার ডেইল গ্রামের বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, বিদ্যুৎ-সংযোগ পেতে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ে বারবার ধরনা দিলেও কোনো কাজ হচ্ছে না। এ কারণে দুই গ্রামের বাসিন্দাদের মাঝে হতাশা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, বিদ্যুৎ-সংযোগের জন্য কিছু লোক প্রতিটি পরিবারের কাছে ৫০০ টাকা করে দাবি করেছে।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানতে চাইলে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল বাশার সামশুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুই গ্রামে বিদ্যুৎ-সংযোগ দিতে ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জাম চেয়ে কক্সবাজার কার্যালয়ে আবেদন করা হয়েছে। সরঞ্জাম হাতে পৌঁছামাত্র সংযোগ দেওয়া হবে। টাকা চাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সমিতির কোনো লোক কারও কাছে কোনো টাকা চাননি।