মিটার কার্ড চালুর পরও ব্যবহার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটার রিডিংয়ে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আনতে গত বছর থেকে মিটার কার্ড চালু করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু সেই মিটার কার্ড ব্যবহার করা হচ্ছে না।
গ্রাহক ও সমিতির সূত্র জানায়, প্রতিবছর বিদ্যুৎ বিল নিয়ে কিছু গ্রাহক অভিযোগ করে থাকেন। বিশেষ করে জুন মাসের বিল তুলনামূলক অনেক বেশি হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। বিষয়টি নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকািশত হয়েছে। অবশেষে গত বছরের সেপ্টেম্বর মাসের বিলের সঙ্গে মিটার কার্ড দেওয়া শুরু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, উপজেলায় প্রায় ২৩ হাজার বিদ্যুৎ গ্রাহককে মিটার কার্ড দেওয়া হয়। এ ছাড়া সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানার আরও প্রায় ১৩ হাজার গ্রাহককে মিটার কার্ড দেওয়া হয়। উদ্দেশ্য ছিল মিটার রিডিং নেওয়ার সময় সংশ্লিষ্ট গ্রাহকের কাছে থাকা মিটার কার্ডে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ লিখে দিতে হবে। যেন গ্রাহকের মনে কোনো প্রশ্ন দেখা না দেয়। কার্ডে রিডিং গ্রহণকারী নাম ও পদবি উল্লেখ করে স্বাক্ষর করবেন। গ্রাহকের স্বাক্ষর নিয়ে কার্ডটি আবার গ্রাহকের কাছেই রেখে দেবেন৷
রায়গঞ্জ পৌরসভার মহেশপুর এলাকার গ্রাহক রেবা রানী বাগচী বলেন, ‘প্রথম মাসের পর আর কেউ মিটার কার্ড দেখতে চায়নি বা রিডিং তুলে দেয়নি। কখন রিডিং নিয়ে যায়, তা আমরা বুঝতেও পারি না।’
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নিয়াজ উদ্দিন বলেন, ‘মিটার কার্ড কেউ ব্যবহার করে না—বিষয়টি আমার জানা নেই।’ প্রতি মাসে মিটার রিডিংয়ের সময় গ্রাহককে ব্যবহৃত ইউনিটের পরিমাণ মিটার কার্ডে লিখে দিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা যাঁরা করবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’