মিটার গেজকে ব্রড গেজ করার সুপারিশ সংসদীয় কমিটির
দেশের বিদ্যমান মিটার গেজগুলোকে ব্রড গেজে রূপান্তরের সুপারিশ করেছে রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠক শেষে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে কমিটির সভাপতি ফজলে করীম চৌধুরী এ কথা জানান।
সংসদীয় কমিটির সভাপতি বলেন, মিটার গেজের কারণে রেললাইন সরু থাকে। ট্রেন দ্রুতগতিতে চলতে পারে না। এ কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়ানোর জন্য মিটার গেজকে ব্রড গেজে নিয়ে আসতে হবে। যত সময়ই লাগুক, কাজটি করতে হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য এটি করা প্রয়োজন বলে সংসদীয় কমিটি মনে করে।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ব্রডগেজ আছে ৬৬০ কিলোমিটার। আর মিটার গেজ আছে ১ হাজার ৮০৮ কিলোমিটার। উভয় গেজ আছে ৪০৯ কিলোমিটার।
ফজলে করীম চৌধুরী আরও বলেন, রেলের টিকিটের কালোবাজারি রোধে যাত্রীর নাম বা অন্য কোনো পরিচয় নিশ্চিত করা যায় কি না, সে ব্যাপারে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।