মিটার ছয়টি, বিদ্যুৎ ৩০০ দোকানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে বিদ্যুতের জন্য হাহাকার। অথচ মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে চলছে বিদ্যুৎ চুরির মহোৎসব। ঘাটের তিন শতাধিক দোকানে বিদ্যুৎ রয়েছে। কিন্তু পল্লী বিদ্যুতের মিটার আছে মাত্র ছয়টি।শিবচর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ওয়্যারিং পরিদর্শক স্বপন জানান, কাওড়াকান্দি ঘাট এলাকায় একটি ট্রান্সফরমারের মাধ্যমে পার্শ্ববর্তী বাড়িসহ দোকানগুলোর জন্য মোট ৩২টি মিটার রয়েছে। তাহলে ঘাটের দোকানগুলোর জন্য মিটার কয়টি—এ প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তবে দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘাটে মাত্র ছয়টি মিটার রয়েছে। একেকটি মিটারের বিপরীতে ১০-১২ জন গ্রাহক রয়েছেন। নিয়ম অনুযায়ী, একটি সংযোগ থেকে একের অধিক গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারেন না।কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, ২ ও ৩ নম্বর ফেরিঘাট, লঞ্চঘাট, স্পিডবোট ঘাটসংলগ্ন তিন শতাধিক দোকান রয়েছে। এসব দোকানে ফ্যান, বাতি, টিভি, রেফ্রিজারেটর রয়েছে। দোকানিরা প্রতিদিন ২০-৫০ টাকা হারে বিদ্যুৎ বিল দেন বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ী আজিজ মাঝি ও পাগলা মণ্ডল এসব সংযোগ দিয়েছেন এবং রোজকার বিদ্যুৎ বিল তাঁরাই তোলেন।মুদি দোকানি মো. সিকিম আলীসহ একাধিক দোকানি বলেন, ‘ঘাট এলাকায়ই বিদ্যুতের খুঁটি। কিন্তু এই ঘাটের প্রায় দোকানদার দীর্ঘদিন ধরে আবেদন করেও বিদ্যুৎসংযোগ পাননি। তাই বাধ্য হয়ে প্রতিদিন ২০-৫০ টাকা হারে আজিজ ও পাগলার কাছ থিকা বিদ্যুৎ নিছি। এতে আমাগো অনেক বেশি টাকা খরচ হয়।’ ব্যবসায়ী আজিজ মাঝির দোকানে গিয়ে দেখা যায়, বিজলি বাতি জ্বলছে, পাখা ঘুরছে। মিটার কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘দোকানের বাইরে মিটার আছে।’ মিটার দেখতে চাইলে তিনি বলেন, ‘আগে আছিলো। এখন নাই। আমার মিটার কাইটা দিছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পল্লী বিদ্যুতের শিবচর অফিসের কর্মকর্তাকে জানিয়েই আমি দোকানগুলোতে এ সংযোগ দিয়েছি।’ সংযোগ কোত্থেকে দিয়েছেন জানতে চাইলে তিনি পাশের বিদ্যুতের খুঁটি দেখিয়ে দেন।আজিজ মাঝি দাবি করেন, বেশির ভাগ সময় জেনারেটরের মাধ্যমে দোকানগুলোতে বিদ্যুৎ সরবরাহ করেন। আর খুঁটি থেকে বিদ্যুৎ দেন মাঝেমধ্যে। তিনি বলেন, ‘আমরা প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধ করি।’ অপর ব্যবসায়ী পাগলা মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।শিবচর পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মামুনুর রশিদ বলেন, একটি মিটার থেকে একজন গ্রাহকই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। একাধিক গ্রাহক করলে সেটা হবে অবৈধ।