মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাঁটাই বন্ধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল বুধবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকনেতা আবদুল আউয়াল, রমজান আলীসহ আরও কয়েকজন বলেন, মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে গত সোমবার থেকে শ্রমিকেরা এ ধর্মঘট শুরু করেছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের অধীনে কাহারোল, বিরল, বীরগঞ্জ, রানীরবন্দর, চিরিরবন্দর ও সদরের মোট ১৬৫ শ্রমিক এই ধর্মঘটে অংশ নিয়েছেন। চাকরি স্থায়ীকরণ ও শ্রমিক ছাঁটাই বন্ধ করা এই দুটি তাঁদের প্রধান দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মবিরতি চলাকালে গতকাল পল্লী বিদুৎ সমিতি-১-এর এ জি এম মো. আরিফুল করিম শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে আরিফুল শ্রমিকদের আনা অভিযোগ অস্বীকার করেছেন।
দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক মো. মকলেছার রহমান বলেন, গত তিন দিন হলো গ্রামের তিনটি বাড়িতে বিদ্যুৎ নেই। ধর্মঘটের জন্য শ্রমিকেরা লাইন মেরামত করতে আসছেন না। বিরল উপজেলার বাজনাহার গ্রামের আমীর আলী বলেন, কৃষি পানির পাম্পে সংযোগ দেওয়ার কথা, কিন্তু ধর্মঘটের কারণে শ্রমিকেরা কাজ করতে আসছেন না।
শ্রমিক ধর্মঘটের ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর পল্লী বিদুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী বলেন, ‘অভিন্ন দাবিতে সারা দেশের পল্লী বিদ্যুৎ শ্রমিকেরা ধর্মঘট করছেন। এ ব্যাপারে স্থানীভাবে আমরা সমাধান দিতে পারি না। শ্রমিকদের ধর্মঘটের ফলে দিনাজপুরের সমস্যাগুলো তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’