গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকার ১০ হাজার গ্রাহক টাকা জামা দিয়েও মিটার পাচ্ছেন না। মিটার না থাকায় বিদ্যুৎ-সংযোগও দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা দুর্ভোগ পোহাচ্ছেন।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক প্রক্রিয়া শেষ করে দেশে মিটার আনতে কিছুটা সময় লাগে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে মিটার পাওয়ার কথা ছিল। কিন্তু মিটার পাইনি।’
এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সূত্র জানায়, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক মিলে প্রায় দুই লাখ ৬৭ হাজার গ্রাহক রয়েছেন। শিল্পাঞ্চলসমৃদ্ধ গাজীপুরে পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য ২২৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পল্লী বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাচ্ছে ১৩৯ থেকে ১৮০ মেগাওয়াট। ফলে ৫০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুতের স্বল্পতা থেকে যাচ্ছে। এরই মধ্যে গাজীপুর বিদ্যুৎ কার্যালয়ে আরও ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করে মিটারের টাকা জমা দিয়েছেন। মিটার না পেয়ে গ্রাহকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রায় পাঁচ মাস আগে গাজীপুর শহর এলাকার ব্যবসায়ী সাহেদুর রহমান মিটারের জন্য টাকা জামা দিয়েছেন। এখনো তিনি মিটার এবং বিদ্যুৎ-সংযোগ পাননি। গাজীপুরের ভোগড়া এলাকার বাসিন্দা সানাউল হক জানান, তিনি প্রায় ছয় মাস আগে তিনটি মিটারের জন্য আবেদন করেছেন। এ জন্য নিয়মানুযায়ী টাকা জমা দেওয়ার পরও তিনি মিটার পাননি।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শ্যামল চন্দ্র ঘোষ জানান, মিটারের অভাবে প্রায় পাঁচ মাস ধরে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। তবে মাস খানেকের মধ্যে চীন থেকে মিটার আসবে। এর পরই সংযোগ দেওয়া হবে।