বন্দর নগর চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার মিটারে ভাড়া সমন্বয় (কেলিব্রেশন) করা এবং নষ্ট মিটার মেরামত ও নতুন মিটার সংযোজনের সময় আরও এক মাস বাড়িয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ফলে চলতি ১ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশায় মিটার কার্যকর হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ১ নভেম্বর থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে একযোগে অটোরিকশায় মিটার কার্যকরের ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু রাজধানীতে এই ঘোষণা কার্যকর হলেও চট্টগ্রামে দুই মাস সময় বাড়িয়ে দেন মন্ত্রী নিজেই। ফলে ১ জানুয়ারি থেকে চট্টগ্রামে মিটারে অটোরিকশা চলাচল কার্যকর হওয়ার কথা ছিল। মিটার সংযোজনকারী কোম্পানিগুলোর প্রস্তুতি না থাকায় এবার সময় আরও এক মাস বাড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়।
জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে মিটার সংযোজন কোম্পানির স্থায়ী কার্যালয় নেই। এ ছাড়া যন্ত্রপাতির সংকট রয়েছে। ঢাকার কোম্পানিগুলো চট্টগ্রামে কাজ করবে। আমরা ঢাকায় ১ নভেম্বর নতুন ভাড়া কার্যকর করেছি। যন্ত্রপাতির অভাব ও মিটার সংযোজনকারী কোম্পানি না থাকায় আবার আমরা এক মাস সময় বাড়িয়েছি। আশা করছি, আগামী ৩১ জানুয়ারির মধ্যে চট্টগ্রামে মিটার লাগানোর কাজ শেষ হয়ে যাবে।’
গত বছরের মাঝামাঝি সিএনজির দাম বাড়ানোয় সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও পুনর্নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। অটোরিকশায় উঠলে ৪০ টাকা সর্বনিম্ন ভাড়া হওয়ার কথা। এবার প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে ২ টাকা করে, যা আগে ছিল ১ টাকা ৪০ পয়সা।
একইভাবে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বাড়িয়েছে বিআরটিএ। মালিকের জমা বাবদ এখন প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হবে চালককে। এত দিন যার পরিমাণ ছিল ৬০০ টাকা। এর আগে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সরকার ঢাকা ও চট্টগ্রাম নগরের জন্য অটোরিকশা কিলোমিটারপ্রতি যে ভাড়া এবং মালিকদের দৈনিক জমার পরিমাণ ঠিক করে দিয়েছিল, তা কখনোই কার্যকর করা যায়নি বলে অভিযোগ ওঠে।
বিআরটিএ সূত্র জানায়, মিটারে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ থেকে ৪০ টাকা করা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সাকে ১২ টাকা এবং প্রতি মিনিট বিরতিতে ১ টাকা ৪০ পয়সাকে ২ টাকায় স্থির করার নাম কেলিব্রেশন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, ‘যন্ত্রপাতি ও মিটারের যন্ত্রাংশের অভাবে মন্ত্রণালয় দুই দফায় তিন মাস সময় বাড়িয়ে দিয়েছে। আমরা সময় বাড়ানোর পক্ষে ছিলাম না। মিটার সংযোজনকারী তালিকাভুক্ত কোম্পানিগুলোর সব কার্যালয় চট্টগ্রামে নেই। পর্যাপ্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির পর অটোরিকশার মিটার সংযোজন বা কেলিব্রেশন প্রক্রিয়া শুরু হবে। এরপর ১ ফেব্রুয়ারি থেকে অটোরিকশাগুলোকে মিটারে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করা হবে।’
মহানগর ট্রাফিক পুলিশ কার্যালয় সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে সিএনজিচালিত অটোরিকশায় মিটার সংযোজনের কাজ শুরু হয়। চট্টগ্রাম নগরে এস কে ট্রেডার্স, ক্রিস্টাল এজেন্সি, মঞ্জু অ্যান্ড ব্রাদার্স, সপ্তসিন্ধু ও ফিনসকো নামের পাঁচটি কোম্পানি মিটার সংযোজন ও সার্ভিসিং সেন্টারের কার্যালয় খোলার অনুমতি পায়। এবারও এই পাঁচটি কোম্পানি দায়িত্ব পেয়েছে বলে উপপুলিশ কমিশনার মাসুদ-উল হাসান জানান। বন্দর নগর এলাকার ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশায় মিটার সংযোজন করেছিল এই কোম্পানিগুলো।