মিটারে চালাতে বিআরটিএ ও পুলিশের বৈঠক ১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশায় মিটার আবার চালু করতে ১৫ অক্টোবর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের বৈঠক হবে বলে জানা গেছে।বর্তমান সরকারের আমলে তরল গ্যাসের দাম কয়েক দফায় বেড়ে যাওয়ার পর সিএনজিচালিত অটোরিকশায় মিটার ব্যবহার বন্ধ করে দেন চালকেরা। একপর্যায়ে চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করে আসছিলেন।বিআরটিএ সূত্র জানায়, গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবহন শাখা সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। গত বছরের ১৯ সেপ্টেম্বর এই প্রজ্ঞাপন জারি হলেও চট্টগ্রাম মহানগরে তা কার্যকর করা হয়নি।জানতে চাইলে বিআরটিএর উপপরিচালক এস কে বিশ্বাস এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে জারি করা প্রজ্ঞাপন অনুসারে আমরা মিটারে অটোরিকশা চালাতে চালকদের বাধ্য করব। এ ব্যাপারে ১৫ অক্টোবর নগর পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এরপর অটোরিকশা সমিতির মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করে মিটার কেলিব্রেশন (নতুন ভাড়া নির্ধারণ) করার সময়সীমা বেঁধে দেওয়া হবে।’নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএর সঙ্গে ১৫ অক্টোবর বৈঠকের একটি প্রাথমিক তারিখ নির্ধারণ করেছি। তবে বৈঠকের তারিখ পরিবর্তন হতে পারে।’