মিটারে সিএনজি অটোরিকশার চলাচল নিশ্চিত করতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরে মিটারে নির্ধারিত ভাড়া অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশার চলাচল নিশ্চিত করতে পুলিশ নিরাপত্তা চৌকি বসিয়ে অভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবারের অভিযানে মোট ১৯০টি অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়েছে। আগের দিন (বুধবার) মিটার অনুযায়ী না চলায় এবং নির্ধারিত সময়ে মিটারের কেলিব্রেশন (দূরত্ব অনুপাতে ভাড়ার হার নির্ধারণের পরিমাণ) না করায় ২৬৭টি অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়। প্রতি মামলার ক্ষেত্রে অটোরিকশাপ্রতি জরিমানা আদায় করা হয় এক হাজার ৪০০ টাকা।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, মিটারে নির্ধারিত ভাড়ায় অটোরিকশার চলাচল নিশ্চিত করতে হলে যাত্রীদের সচেতন হতে হবে বেশি। যাত্রীর কাছ থেকে কোনো অটোরিকশাচালকের মিটারে না যাওয়ার বিষয়ে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পুলিশ ওই অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব প্রস্তুতি নিয়েছে।পুলিশ সূত্র জানায়, মিটারে নির্ধারিত ভাড়া অনুযায়ী অটোরিকশার চলাচল নিশ্চিত করতে গতকাল বেলা একটা থেকে দুইটা এবং তিনটা থেকে চারটা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালানো হয়। এই সময়ে ১৯০টি অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়। মিটারে নির্ধারিত ভাড়ায় অটোরিকশার চলাচল শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে।প্রসঙ্গত, দফায় দফায় সময় পরিবর্তনের পর বুধবার ট্রাফিক পুলিশ মিটারে না-চলা অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে।