মিটারের টাকা জমা দিয়েও সংযোগ পাচ্ছেন না পল্লী বিদ্যুতের গ্রাহকেরা
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহামঞ্চদপুর গ্রামের আবুল হোসেন পল্লী বিদ্যুতের মিটারের জন্য টাকা জমা দিয়েছেন গত জুন মাসে। গত চার মাসে সংযোগ পেতে পল্লী বিদ্যুতের স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে গেছেন অনেকবার। কিন্তু বলা হচ্ছে, সরকারি নির্দেশে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সংযোগ দেওয়া সম্ভব নয়। শুধু আবুল হোসেনই নন; নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ছয়টি আঞ্চলিক কার্যালয়ের আওতায় জেলার আটটি উপজেলার আড়াই হাজারের বেশি গ্রাহক মিটারের টাকা জমা দিয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, সমিতির বিভিন্ন উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের (পিডার লাইন) লোড অতিরিক্ত হয়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৬ আগস্ট থেকে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ কারণে মিটারের টাকা জমা নেওয়ার পরও গ্রাহকদের চাহিদামতো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখার নির্দেশে তাঁরা খুবই অস্বস্তিতে রয়েছেন। এ ক্ষেত্রে সংযোগ দেওয়া একেবারে বন্ধ না করে সঞ্চালন লাইন ও সাবস্টেশনের উন্নয়নকাজ চলাকালীন সীমিত আকারে সংযোগ দেওয়া অব্যাহত রাখলে ভালো হতো।জানতে চাইলে নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকার কথা নিশ্চিত করেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য। তিনি প্রথম আলোকে বলেন, সমিতির বিভিন্ন সাবস্টেশন ও পিডার লাইন অভারলোডেড, যার কারণে নতুন সংযোগের অতিরিক্ত লোডের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গত ৬ আগস্ট থেকে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। আশা করা যায়, কিছু দিনের মধ্যেই পুনরায় নতুন সংযোগ দেওয়া আবার শুরু হবে।’