মিঠা পানি সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে স্লুইসগেটের মুখে বাঁধ নির্মাণ করে মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে বোরো ও রবিশস্য চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, গত ২৭ অক্টোবর থেকে ইউনিয়নের আটটি খালের মুখে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয়েছে। কৃষকদের সুবিধার জন্য অ্যাকশন এইড বাংলাদেশের ইউনিয়ন বাঁধ রক্ষা কমিটি স্লুইসগেটসংলগ্ন খালে বাঁধ দেওয়ার এ উদ্যোগ নিয়েছে।গত রোববার সরেজমিনে দেখা গেছে, বানাতিপাড়া স্লুইসগেটসংলগ্ন খালের পাড়ের কৃষকেরা বাঁধ দেওয়ার কাজ শেষ করেছেন। এ গ্রামের কৃষক মো. আলমগীর মতুব্বর (৪৭) বলেন, ‘বারবার লবণপানি হাইন্দ্যা মোগো ইউনিয়নের ফসল নষ্ট অইয়া যায়। গেল কয়েক বছর অইতেই জমিতে কোনো ফলন অইতেছে না। এ্যাহন খালের মুহে বান দিয়া মিঠাপানি ধইর‌্যা রাখতে পারলে চাষবাস কইর‌্যা ফলন ফলাইতে পারমু।’কৃষক সাখাওয়াত সাউগার জানান, বাঁধ দেওয়ার ফলে ইউনিয়নের পশরবুনিয়া, চাড়িপাড়া, ধনজুপাড়া, মঞ্জুপাড়া, এগারো নং হাওলা ও বানাতিপাড়া গ্রামের চাষিরা সুফল পাবেন।পশরবুনিয়া গ্রামের কৃষক আবদুল মালেক মৃধা (৪৫) বলেন, ‘বারবার লবণপানি হান্দনে কৃষকের কোমর এ্যামনেই ভাইঙ্গা গ্যাছে। এই উদ্যোগ মোগো কিছুডা অইলেও আশা জাগাইছে। স্লুইসগুলার মুহে বান দেওনে মোগো যথেষ্ট উপকার অইবে।’অ্যাকশন এইডের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া বড় সোতার স্লুইসগেট, চান্দুপাড়া কালা মিয়ার স্লুইসগেট, মঞ্জুপাড়া গাজীবাড়ীর কাছের স্লুইসগেট, পশরবুনিয়া স্লুইসগেট, বানাতিপাড়া স্লুইসগেট, চিংগুড়িয়া স্লুইসগেট, মেরাউপাড়া স্লুইসগেট ও দশকানি স্লুইসগেটসংলগ্ন খালে বাঁধ দেওয়ার কাজ শেষ হয়েছে।লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বিশ্বাস বলেন, ঝড়-জলোচ্ছ্বাসে উপজেলার মধ্যে লালুয়ার কৃষকেরা সব সময় ক্ষতিগ্রস্ত হন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, রবি মৌসুমে আমন ধান উঠে যাওয়ার পর এসব এলাকার আবাদি জমি মিঠাপানির অভাবে বিরান পড়ে থাকে। এমন পরিস্থিতিতে মিঠাপানি সংরক্ষণ করে ফসল ফলানোর জন্য এটি হচ্ছে বাস্তবসম্মত পদক্ষেপ।