মিঠাপানি সংরক্ষণে কলাপাড়ার চারটি খালে বাঁধ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ব্যাপক হারে বোরো ও রবিশস্য চাষের লক্ষ্যে মিঠাপানি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য ইউনিয়নের চারটি খালের মুখে বাঁধ নির্মাণ করা হয়েছে। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এসব বাঁধ নির্মিত হয়েছে।নীলগঞ্জ ইউপি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিণ উপকূলীয় এলাকার পানি নভেম্বরের শেষ দিকেই লবণাক্ত হয়ে পড়ে। এ কারণে এই এলাকার অনেক কৃষক মিঠাপানির অভাবে বোরো ও রবিশস্য চাষ করতে পারেন না। ফলে এলাকার অধিকাংশ জমি অনাবাদি থাকে।সূত্র জানায়, এ অবস্থার পরিবর্তনে টুঙ্গিবাড়িয়া, সোনাতলা ও কুমিরমারা খালের মুখে বাঁধ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বেসরকারি সংস্থা আভাস গৈয়াতলা খালের মুখে বাঁধ দিয়েছে। গত ১৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে বাঁধগুলো নির্মিত হয়।বাঁধ নির্মাণ শেষে এলাকার কৃষকদের বোরো ও রবিশস্য চাষে উদ্বুদ্ধ করতে ২ ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল মালেক খান, আভাসের প্রকল্প ব্যবস্থাপক ও স্পনসর কর্মকর্তা মনিরুল ইসলাম, নীলগঞ্জ ইউপি সদস্য আবদুর রহিম বাদশা প্রমুখ।এলাকাবাসী জানান, এসব বাঁধ দেওয়ায় ইউনিয়নের দক্ষিণ গৈয়াতলা, হাকিমপুর, উমেদপুর, লস্করপুর, তাহেরপুর, মোহাম্মদপুর, মস্তফাপুর, পূর্ব সোনাতলা গ্রামের কৃষকেরা বোরো মৌসুমে কৃষিকাজে মিঠাপানির সুবিধা পাবেন। এর ফলে আনুমানিক এক হাজার একর জমি বোরো চাষের আওতায় আসবে।