পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা এলাকার খাল ও নালাগুলো থেকে মিঠা পানি সরিয়ে লোনা পানি তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২টি গ্রামের কৃষকেরা তাঁদেরখেতের রবিশস্য নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
বড়বাইশদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোনা মিয়া জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম এবং বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওমর ফারুক সম্প্রতি তাঁদের চিংড়িঘেরের জন্য ইউনিয়নের চরগঙ্গা, চরহালিম, তুলাতুলী, চরবোগলা, নিজকাটা, ছাতিয়ান পাড়া ও টুঙ্গিবাড়িয়া থেকে সাতটি জলকপাট খুলে নালা এবং খালগুলো থেকে মিঠা পানি সরিয়ে দেন। এরপর জোয়ারের সময় ওই সাতটি জলকপাট দিয়ে নদী থেকে লোনা পানি তুলে খাল ও নালাগুলো ভরে ফেলেন।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিন জানান, তিনি লোকজন নিয়ে নালা ও খাল থেকে লোনা পানি সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রাতে চিংড়িচাষিদের লোকজন আবার লোনা পানি তুলছেন। ছাতিয়ানপাড়া গ্রামের তরমুজচাষি মো. হানিফ হাওলাদার জানান, তিনি চলতি মৌসুমে ১২ একর জামিতে তরমুজের চাষ করেছেন। কিন্তু এলাকায় লোনা পানি ওঠানোর কারণে তাঁর খেতের সব গাছ নষ্ট হয়ে যেতে পারে। টুঙ্গিবাড়িয়া গ্রামের চাষি মো. মানিক দফাদার জানান, তাঁর খেতে ফেলন ডাল, মরিচগাছসহ অন্যান্য রবিশস্যের গাছ রয়েছে। লোনা পানি পেলে এগুলো নষ্ট হয়ে যাবে। তিনি আরও জানান, ওই সাতটি জলকপাট দিয়ে যে লোনা পানি তোলা হয়েছে, তাতে তক্তাবুনিয়া, গাববুনিয়া, সামচাঁদ, গাইয়াপাড়া, তুলাতলী, চরগঙ্গা, চরহালিম, চরবোগলা, নিজকাটা, ছাতিয়ানপাড়া, টুঙ্গিবাড়িয়া ও মধুখালী গ্রামে প্রায় পঞ্চাশ লাখ টাকার রবিশস্যের ক্ষতি হবে। গাববুনিয়া গ্রামের চাষি মো. আলমগীর হোসেন জানান, তিনি অন্যের জমি পত্তন নিয়ে এবার চরগঙ্গায় তরমুজের চাষ করছেন। এলাকার খালগুলোতে লোনা পানি তোলায় সব তরমুজচাষি ক্ষতির মুখে পড়েছেন। লোনা পানি তোলার প্রতিবাদে গত রোববার চরগঙ্গা বাজারে সমাবেশ করেছেন চাষিরা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
জানতে চাইলে মো. এনামুল ইসলাম বলেন, ‘আমি কোথাও লোনা পানি তুলিনি। এলাকায় কয়েকটি কালভার্টের কাজ চলছে। এ জন্য খাল থেকে পানি সরিয়ে দেওয়া হয়েছে। এ কারণে কৃষকেরা প্রতিবাদ করছেন।’ মো. ওমর ফারুক বলেন, ‘শুনেছি চরগঙ্গার স্লুইস (জলকপাট) দিয়ে লোনা পানি তোলা হয়েছে। তবে আমার এলাকায় কোনো লোনা পানি ওঠানো হয়নি।’
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নুল আবেদীন জানান, বড়বাইশদিয়ার বিভিন্ন গ্রামের খাল ও নালায় লোনা পানি ওঠানোর অভিযোগ তিনি মৌখিকভাবে পেয়েছেন। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।