মিঠাপানির নদী মধুমতীর পানিতে লবণাক্ততা ক্রমেই স্থায়ী হচ্ছে। এতে পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ক্রমাগত জলবায়ু পরিবর্তনের কারণে আগামী বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ অঞ্চলের পানি ব্যবস্থাপনা নিয়ে গবেষণাকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দল সম্প্রতি এসব তথ্য জানিয়েছে।গবেষক দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক আ. কাদির ইবনে কামাল জানান, দীর্ঘ পর্যবেক্ষণ ও সংগৃহীত তথ্য-উপাত্তে দেখা গেছে, ছয়-সাত বছর ধরে মার্চ, এপ্রিল ও মে মাসে মধুমতীতে লোনাপানি ঢুকে পড়ে। এতে করে মিঠাপানির অনেক মাছ নদী ও এর সঙ্গে সংযুক্ত শত শত খাল-বিল থেকে বিলুপ্ত হয়ে গেছে। লোনাপানিতে জন্মে এমন অনেক ঘাস ও হোগলা জন্মাতে শুরু করেছে। মধুমতীর অন্যতম বাসিন্দা শুশুকের জীবনচক্রও হুমকির মুখে পড়েছে, এদের সংখ্যা হ্রাস পাচ্ছে। হয় তারা অন্য নদীতে চলে গেছে, নয়তো খাদ্যাভাবে কিংবা লবণাক্ততার কারণে মারা পড়েছে। আর নদীর তীরে বা নদীর পানির ওপর নির্ভরশীল ফসলের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ধীরে ধীরে লোনা পানির স্থায়িত্ব হয় বৃদ্ধি পেতে পেতে সারা বছরই থাকবে। তখন অবস্থা মারাত্মক আকার ধারণ করবে। এসব হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উজান থেকে পানিপ্রবাহ কমে যাওয়ার কারণে।জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব সাহা বলেন, ইতিমধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ফসলে লোনাপানির প্রভাব পড়েছে। সেখানে লোনাপানিতে চাষ-উপযোগী ব্রি-৪৭ জাতের ধান আবাদের জন্য বেশ কয়েক বছর ধরে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে আসছে। লোনাপানির কারণে টুঙ্গিপাড়ায় পাট হয় না। সদর উপজেলায় ধান ও পাটসহ অন্যান্য ফসলের ওপর লোনাপানির প্রভাব পড়তে শুরু করেছে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, লোনাপানি মিঠাপানির নদীতে প্রবেশ করায় প্রথমে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীতে বসবাসকারী প্রাণী। এর মধ্যে মাছ প্রধান। লোনাপানি এখন টুঙ্গিপাড়া ও সদর উপজেলা পর্যন্ত আসছে। আইলার সময় এই পানি মুকসুদপুর পর্যন্ত চলে এসেছিল।