মিঠাপুকুর, তাড়াশে সংঘর্ষ ও লাঠিপেটায় আহত ৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। রংপুরের মিঠাপুকুরে নির্বাচনের ফল বাতিলের দাবিতে পরাজিত প্রার্থীর সমর্থকেরা বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন। এ সময় পুলিশের লাঠিপেটায় ৩০ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর:রংপুর: মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের চেয়ারম্যান পদে ঘোষিত ফল বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার পরাজিত প্রার্থীর কয়েক হাজার সমর্থক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন। তাঁরা ওই কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মিঠাপুকুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে চেংমারী ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার লোক ইউএনওর কার্যালয় ঘেরাও করে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের পর আবদুল খালেককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। কুমুরপুকুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর লোকজন ব্যালট বাক্স ছিনতাই করেছে।পরাজিত প্রার্থী রেজাউল ইসলাম অভিযোগ করেন, ভোটে কারচুপি করা হয়েছে। বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে তাঁর সমর্থকেরা বিক্ষোভ করেছেন। তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। তবে তিনি ব্যালট বাক্স ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম মিঠাপুকুর থানায় মামলা করেছেন।সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০টি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার তাড়াশ সদর ইউপি নির্বাচনে মথুরাপুর গ্রামের চাঁন আলী সদস্যপদে বিজয়ী ও পাশের মাধবপুর গ্রামের আবদুল মালেক পরাজিত হন। গতকাল সকাল ১১টার দিকে চাঁন মিয়ার সমর্থকেরা মালেক মিয়ার নিয়ন্ত্রণাধীন একটি গভীর নলকূপের সেচের পানির সরবরাহ করার তাগিদ দিলে এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষই রামদা, হাঁসুয়া, ফালা, ইটপাটকেল, বল্লম ও লাঠিসোঁটা ব্যবহার করে। সংঘর্ষে সামাদ, নজাব, আসমা, আলাল, রেজ্জাক, মজিবর, ফেরদৌসীসহ অন্তত ৬০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।