মিঠাপুকুর উপজেলা পরিষদ চালাচ্ছেন পরাজিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার আট মাস পরেও রংপুরের মিঠাপুকুর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান দায়িত্ব পাননি। মামলায় কারাগারে আটক নতুন চেয়ারম্যান সভা করতে না পারায় এখনো উপজেলা পরিষদ চালাচ্ছেন নির্বাচনে পরাজিত আগের প্রতিনিধিরাই।
উপজেলা পরিষদের ম্যানুয়ালের ৭ নম্বর ধারায় বলা হয়েছে, উপজেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর হবে। পরিষদের সভার প্রথম তারিখ থেকে এই মেয়াদ ধরা হবে। ম্যানুয়াল অনুসারে, পরিষদের মেয়াদ শেষ হলেও নির্বাচিত নতুন পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত আগের পরিষদ কাজ চালিয়ে যাবে।
ম্যানুয়ালের এই শর্তের কারণে কারাগারে আটক মিঠাপুকুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গোলাম রব্বানী পরিষদের প্রথম সভায় মিলিত হতে পারছেন না। এ কারণে দুই ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদ ও মোরশেদা বেগমও পরিষদের দায়িত্ব¾পাননি। এখন উপজেলা পরিষদ চালাচ্ছেন ২০০৯ সালে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাকির হোসেনসহ দুই ভাইস চেয়ারম্যান। এঁদের সবাই গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলা নির্বাচন হয়।
থানার পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের আগে ও পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয় চারটি। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদের বিরুদ্ধেও দ্রুত বিচার আইনে মামলা হয় সাতটি।
গত ২৭ মার্চ রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গোলাম রব্বানী ও আবদুল বাসেদ নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিতে যান। এ সময় পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদেরকে আদালত কারাগারে পাঠান। এরপর ২৭ জুন প্যারোলে মুক্তি পেয়ে দুজনই শপথ নেন। কিছুদিন পর আবদুল বাসেদ আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেলেও গোলাম রব্বানী রংপুর জেলা কারাগারে আটক রয়েছেন। তবে ৩০ অক্টোবর বাসেদকে আবার পুলিশ আটক করে।
নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদ জামায়াতের কার্যালয়ে গত ২৮ অক্টোবর প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গোলাম রব্বানী যাতে জেল থেকে বের হতে না পারেন, এ জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিয়ে জাকির হোসেন উচ্চপর্যায়ে কলকাঠি নাড়ছেন। তিনি প্রশ্ন করেন, ‘উপজেলা চেয়ারম্যান কারাগারে বন্দী থাকলেও আমরা দুই ভাইস চেয়ারম্যান তো বন্দী নেই। আমরা ক্ষমতা পাব না কেন?’
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোরশেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কে কোন কারণে ক্ষমতা পাবে না-পাবে, সেটা দেখার বিষয় তো আমার না। জনগণ আমাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, আমি ক্ষমতা পাব না কেন?’
জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহামদ মুঠোফোনে বলেন, ‘এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাপার। মন্ত্রণালয় যখন যেভাবে চাইবে, তাই হবে। আমার করার কিছু নাই।’
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দিকনির্দেশনা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চারটি চিঠি দিয়েছি। সবশেষে জবাব এসেছে, প্রথম সভা না হওয়া পর্যন্ত বিধিমোতাবেক আগের নির্বাচিত সদস্যরাই পরিষদ চালাবেন।’
হয়রানির অভিযোগ: নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন তাঁর দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাতে মামলায় জড়াচ্ছেন। তাঁর সঙ্গে সুর মিলিয়ে মিঠাপুকুর উপজেলার চিতলি দক্ষিণপাড়া গ্রামের সেলিম মিয়া (২৪) অভিযোগ করে বলেন, ‘উপজেলা ভোটে বিরোধিতা করার জেরে জাকির হোসেনের লোকজন আমাকে ধরে বেদম মারপিট করেন এবং ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে দেন।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘নতুন পরিষদ দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিধিমোতাবেক আমরা ক্ষমতায় থাকব। ভোটে বিরোধিতাকারীদের নির্যাতন করার অভিযোগ ঠিক নয়।’