মিঠাপুকুরকে বেছে নেওয়ার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শক্ত ঘাঁটি। জেলার সবচেয়ে বড় উপজেলা এটি। এখানে ৬২টি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় ১০ হাজার। এ উপজেলার পাশেই গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলা। এই দুই উপজেলায়ও জামায়াতের অবস্থান বেশ ভালো। এ ছাড়া এ উপজেলার সঙ্গে রংপুরের পীরগাছা ও সদর উপজেলার সীমান্ত রয়েছে। এসব এলাকা থেকে জামায়াত-শিবির সহজেই মিঠাপুকুরে সমবেত হতে পারে। এসব কারণে গত ২৮ ফেব্রুয়ারি মিঠাপুকুরকে সহিংসতার জন্য বেছে নেয় জামায়াত-শিবির।এলাকাবাসী জানান, জামায়াতের শক্ত ঘাঁটি হওয়ার পরও এ উপজেলায় সংসদ নির্বাচনে অধিকাংশ সময় আওয়ামী লীগের প্রার্থী জয়ী হচ্ছেন। এ কারণেও ওই দিন এখানে জামায়াত-শিবির তাণ্ডব চালায়। তাদের এ সহিংসতার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের অবস্থান দুর্বল করা।গত সংসদ নির্বাচনে জামায়াত এ উপজেলায় ভোট পায় ৫৬ হাজারের বেশি। জেলার আট উপজেলার মধ্যে এ উপজেলায় জামায়াতের ভোট ব্যাংক সবচেয়ে বেশি। এর পরও এ আসনে সংসদ নির্বাচনে জামায়াত একবারও জয়ী হতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ২৮ ফেব্রুয়ারি ভোর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে মাদ্রাসার শিক্ষার্থীসহ জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী উপজেলা সদরে সমবেত হন। খবর ছড়িয়ে পড়ে সেখানে বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে যাচ্ছে। বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর প্রথম দফা হামলার চেষ্টা চালায় জামায়াত-শিবির। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর বেলা তিনটার দিকে তারা থানা আক্রমণ করে। পরে আওয়ামী লীগের লোকজনের ব্যবসাপ্রতিষ্ঠানসহ তাঁদের বাড়িঘরে হামলার চেষ্টা চালায়। এ সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-বিজিবির সদস্যদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ-বিজিবি আত্মরক্ষার্থে গুলি চালালে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মী নিহত হন। মিঠাপুকুর উপজেলা জামায়াতের সভাপতি গোলাম রব্বানী বলেন, ‘সাঈদীর রায়ের বিরুদ্ধে মানুষ ওই দিন স্বতঃস্ফূর্তভাবে উপজেলা সদরে সমবেত হন। কিন্তু পুলিশ গুলি চালালে আমাদের ছয়জন নেতা-কর্মী নিহত হন।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘জামায়াত এখানে বারবার চেষ্টা করেছে আওয়ামী লীগের দুর্গ ভাঙতে। এ কারণে তারা মিঠাপুকুরে এ ধরনের নাশকতা চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব।’