মিঠাপুকুরে অপহূত শিশু বগুড়ায় উদ্ধার, গ্রেপ্তার ৪
রংপুরের মিঠাপুকুরের অপহূত এক শিশুকে শুক্রবার রাতে বগুড়ার কাহালু থেকে উদ্ধার ও অপহরণে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চার ব্যক্তি হলেন বগুড়ার কাহালু উপজেলার মামুন (২৫) ও আহাদুল ইসলাম (২১), দুপচাঁচিয়ার নূর আমিন ওরফে আকাশ (২২) এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রাশু চৌধুরী (২২)। রংপুর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহড় এলাকা থেকে প্লে গ্রুপের শিক্ষার্থী সাড়ে পাঁচ বছরের শিশু সাব্বিরকে অপহরণ করা হয়। ১০ লাখ টাকার বিনিময়ে শিশুটিকে ছেড়ে দেওয়া হবে বলে অপহরণকারী দলের পক্ষ থেকে শিশু সাব্বিরের বাবা ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে জানিয়ে দেওয়া হয়।এরপর রিয়াজুল ইসলাম মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মুঠোফোনে অপহরণকারীরা মুক্তিপণের টাকা দাবি করে আসছিল বলে পুরো বিষয়টি পুলিশকে অবহিত করেন রিয়াজুল ইসলাম। শিশুটিকে উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল মাঠে নামে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের বিশেষ দলটি শুক্রবার রাতে বগুড়ার কাহালু থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অপহূত শিশুটিও উদ্ধার হয়। মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারের পর ওই চারজন অপহরণের কথা স্বীকার করেছেন। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপহূত শিশুকে তার বাবার কাছে দেওয়া হয়েছে।