মিঠাপুকুরে আওয়ামী লীগের কর্মীর হাতে শিক্ষক লাঞ্ছিত!
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মজিদকে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল মজিদ মিঠাপুকুর থানায় মামলা করেছেন। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত শুক্রবার পাট শুকাতে আসে স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহবুবুল আলমের লোকজন। এ সময় শিক্ষক আবদুল মজিদ বিদ্যালয়ের মাঠে পাট শুকাতে তাদের নিষেধ করেন। ওই ঘটনার জের ধরে গতকাল মাহবুবুল বিদ্যালয়ে এসে আবদুল মজিদকে মারধর করেন। তাঁকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষক আবদুল মজিদ অভিযোগ করেন, সামান্য বিষয় নিয়ে তর্কের জের ধরে মাহবুবুল তাঁকে মারধর করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও মাহবুবুল আলমকে পাওয়া যায়নি।মাহবুবুল আলম স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।