মিঠাপুকুরে আবারও গাছ কেটে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে রংপুরের মিঠাপুকুরে গতকাল সোমবার মধ্যরাতে পুলিশ জামায়াত-শিবিরের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় বেশ কিছু গাছ কেটে অবরোধ সৃষ্টি করে দলটি। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুটি বাস ভাঙচুর করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এরশাদ (২২), সফরউদ্দিন (৬০), এমদাদুল মণ্ডল (২৩), হাফিজার রহমান (৫০), তুহিন বাবু (২২), আবদুস সাত্তার (৬০), মেজদাদুল (১৯), রাজ্জাক (৬০), আলতাফ হোসেন (৫৪), শহিদুল (৪৫), নওয়াব আলী (৫২), ফয়সাল (২৬) ও লেবু মিয়া (৩৫)। এঁদের মধ্যে নওয়াব আলীর বাড়ি গাইবান্ধা ও ফয়সালের বাড়ি রংপুর শহরের বাবুখাঁ এলাকায়। বাকি সবার বাড়ি মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে ভোরের দিকে জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি এলাকায় বেশ কিছু গাছ কেটে মহাসড়ক অবরোধ করে একাধিক ককটেল ফাটায়। এতে করে উপজেলা বাজারে দিনভর ছিল উদ্বেগ উত্কণ্ঠা।

পুলিশ জানায়, মহাসড়কে গাছ কেটে ফেলে রাখার পর তা সকাল সাতটার মধ্যে সরানো হয়েছে। এ ছাড়া মহাসড়কে চলাচলকারী দুটি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ককটেল ফাটানোর সময় এবং অবরোধে পিকেটিংয়ের সময় গ্রেপ্তার করা হয়। তাঁরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

প্রসঙ্গত, ১১ ও ১৩ ডিসেম্বর মিঠাপুকুর উপজেলার দমদমা সেতুর দক্ষিণ দিক থেকে পায়রাবন্দ, চুহড়, গড়ের মাঠ, জায়গীরহাট, মিঠাপুকুর বাজার ও আল ফারুক ইনস্টিটিউট ও শঠিবাড়ি বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার মহাসড়কের দুই পাশের ছোট-বড় প্রায় ৩০০ গাছ কেটে সড়কের মধ্যে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।