মিঠাপুকুরে জামায়াত শিবিরের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে পুলিশ গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুস সামাদ, জামায়াতের কর্মী আবদুল হাদি, শিবিরের কর্মী আহাম্মদ হোসেন, লাবিব আহসান, মজিবুর রহমান, আবদুর রউফ, নূর হোসেন, নূরুল হক, হাবিবুর রহমান, মনসুর রহমান, শাহ্ খাদেমুল ইসলাম, আলী রউফ ও আতাউর রহমান।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল হাদী (৪৯) উপজেলা জামায়াতের অন্যতম নেতা ও মিঠাপুকুর বাজার জামে মসজিদের ইমাম। আবদুস সামাদ (৫০) পায়রাবন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। ওই ১৩ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার হরতাল চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর নামক স্থানে একটি পাথরবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং ২ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে গতকাল রোববার তাঁদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।