মিঠাপুকুরে তিন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১৮ আগস্ট তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে। ভিজিএফের চাল আত্মসাৎ ও বিক্রি করে নিম্নমানের চাল বিতরণ করার অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান এ মামলা করেন। তাঁদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার মিছিল হয়েছে। অভিযুক্ত তিনজন হলেন: বালারহাট ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব মণ্ডল, বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিক। এলাকাবাসী জানান, ১৪ আগস্ট ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব মণ্ডল সরকারি খাদ্যগুদাম থেকে সাড়ে ১২ মেট্রিক টন চাল তুলে আত্মসাৎ করেন। একই দিন ইউপি চেয়ারম্যান আবদুস সালাম ১৭ মেট্রিক টন চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিকের মিলচাতালে বিক্রি করে নিম্নমানের চাল সংগ্রহ করেন। পরে ১৮ আগস্ট তা বিতরণ করতে গিয়ে তিনি বিক্ষুব্ধ লোকজনের রোষানলে পড়েন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর রশিদ ও পিআইও মুশফিকুর রহমান দুই ইউনিয়ন পরিষদে গিয়ে চাল পাননি। পরে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, এসব চাল রবিউল ইসলাম প্রামাণিকের মিলচাতালে পরিবর্তন করে নিম্নমানের চাল সরবরাহ করা হয়। ওই তিন ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ লোকজন উপজেলা সদরে মিছিল করেছে। এ সময় তারা উপজেলা কার্যালয় ঘেরাও করে। আবু তৈয়ব মণ্ডল ও আবদুস সালাম চাল আত্মসাৎ ও পরিবর্তন করে নিম্নমানের চাল বিতরণ করার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। পিআইও মুশফিকুর রহমান বলেন, ‘আমরা তদন্ত করে এ ঘটনার সত্যতা পেয়েছি।’ইউএনও হারুন-অর রশিদ বলেন, ‘তাঁদের বিরুদ্ধে পিআইও মামলা করেছেন। আশা করি, শিগগিরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, আবু তৈয়ব মণ্ডল ও আবদুস সালাম পুলিশের কাছে স্বীকার করেছেন, রবিউল ইসলাম প্রামাণিকের সহায়তায় তাঁরই চাতালে নিয়ে এসব চাল পরিবর্তন করে নিম্নমানের চাল সংগ্রহ করা হয়। পরে তা বিক্রি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।