মিঠাপুকুরে নারীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক নারীকে গত বৃহস্পতিবার পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় এক কর্মীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার উপজেলার পায়রাবতি কৃষ্ণপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আনারুল ইসলামের একটি কারেন্ট জাল চুরি হয়। জালটি চুরির সন্দেহে আনারুল গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের বাড়ির দিনমজুর আবু বক্করের ছেলে মাসুদকে মারধর করেন। এ সময় মাসুদের মা মাহফুজা বেগম (৪০) এগিয়ে এলে তাঁকেও বেদম মারপিট করা হয়। আহত অবস্থায় মাহফুজাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের স্বামী আবু বক্কর অভিযোগ করেন, ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার জন্য গত বৃহস্পতিবার রাত থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় আওয়ামী লীগ নেতারা জোর চেষ্টা চালান। নিহতের বাবা মোহাম্মদ হোসেন বাদী হয়ে আনারুলসহ পাঁচজনকে আসামি করে গত শুক্রবার বিকেলে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেছেন। ভাংনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম আনারুলকে আওয়ামী লীগের কর্মী স্বীকার করে বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রথমে বিষয়টি আপসরফার চেষ্টা করা হয়েছিল। আনারুল পলাতক আছেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’