মিঠাপুকুরে পুলিশ হত্যায় দুজন গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মিঠাপুকুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তিকে ঢাকা থেকে সোমবার বিকেলে মিঠাপুকুরে আনা হয়েছে।
মিঠাপুকুর থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার ময়েনপুর ফুলচৌকি গ্রামের হায়দার আলীর ছেলে মিন্টু মিয়া (৩২) ও ময়েনপুর খামারপাড়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে ফুলবাবু (৪২)। মিন্টুর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি হত্যাসহ তিনটি ডাকাতি মামলা রয়েছে। ফুলবাবুর বিরুদ্ধেও একটি হত্যাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, মিঠাপুকুর থানার এএসআই আবদুর রহিম হত্যা মামলার পলাতক আসামি মিন্টু ও ফুলবাবু। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ৯ মার্চ এএসআই রহিম মোটরসাইকেল করে নিজ বাড়ি দিনাজপুরের পার্বতীপুর যাচ্ছিলেন। রাত ১০টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কের পাগলারহাট এলাকায় পৌঁছালে তাঁর পথরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাত করে। ওই রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরদিন ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।