মিঠাপুকুরে ব্যবসায়ী খুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় কম্পিউটার ব্যবসায়ী শহীদুল ইসলাম (৪২) খুনের ঘটনায় গতকাল শনিবার ভোরে বগুড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শহীদুলের ব্যবহার করা মোটরসাইকেলটি গতকাল শনিবার সকালে বগুড়ায় বিক্রি করার সময় জুয়েল (২৬) ও শাহীন (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আরেক বন্ধু আলম ওরফে আসলামকে (২৫) গ্রেপ্তার ও শহীদুলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি পীরগাছা উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বৈরাতী সড়কের পাশের এক ধানখেতে গত বৃহস্পতিবার রাতে শহীদুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, শহীদুলের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া মাথা ও শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, এ ব্যাপারে নিহতের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।