মিঠাপুকুরে যাত্রার নামে অশ্লীল নাচ আর জুয়া
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের শেরপুর ও ফতেপুর গ্রামের ঘাঘট নদের চরে ছয় মাস ধরে যাত্রাপালার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর চলছে। স্থানীয় ইউপি সদস্য সাজু মিয়া ও হাসমত আলী থানা-পুলিশকে উৎকোচ দিয়ে এসব আসর চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে মাইকের উচ্চ শব্দে এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে বলে অভিভাবক ও শিক্ষার্থীরা জানিয়েছে। দীর্ঘদিন ধরে এই জুয়ার আসর চলায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায় বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, শেরপুর ও ফতেপুর গ্রামের সীমান্তে ঘাঘট নদের চরে যাত্রার মঞ্চ করা হয়েছে। এর চারপাশে পীরগাছার মকসুদখাঁ, ওমরখাঁ, ৬৮ পাড়া, তালুক ইসাদ এবং মিঠাপুকুরের দলশিংপুর, ভাংনী, হুলাশুগঞ্জ ও লস্করপুর গ্রাম।
মকসুদখাঁ গ্রামের এসএসসি পরীক্ষার্থী রাশেদুল ইসলাম, বিপ্লব মিয়া ও ইয়াছমিন আক্তার জানায়, যাত্রাপালা ও জুয়ার আসরে সন্ধ্যা থেকে সারা রাত উচ্চ শব্দে মাইক বাজানো হয়। এতে লেখাপড়া ব্যাহত হচ্ছে।
শেরপুর গ্রামের বাসিন্দা আজিজল ইসলাম, সোলেমান ও রওশন আলম অভিযোগ করেন, মাইকের উচ্চ শব্দ এলাকার মানুষের ঘুম হারাম করে দিয়েছে। ছেলেমেয়েদের পড়ালেখাও নষ্ট হচ্ছে।
ফতেপুর গ্রামের আবদুল জলিল বলেন, যাত্রাপালার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসরের খপ্পরে পড়ে এলাকার উঠতি বয়সের যুবকেরা বিপথগামী হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরে যাত্রা ও জুয়ার আসর চালানোর ফলে এলাকায় চুরি, ছিনতাই বেড়েছে।
স্থানীয় লোকজন জানান, ৮ জানুয়ারি রাতে পীরগাছার শুল্লিপাড়া গ্রামের বাদশাহ মিয়া ও মুকুল মিয়ার শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র চুরি হয়। গত এক মাসে মকসুদখাঁ গ্রামের আনছার আলী, মোন্নাফ মিয়া, শুকুর আলী, শহীদুল ইসলাম, লাবলু মিয়া ও গরু ব্যবসায়ী আশরাফুল ইসলামের বাড়িসহ ১০-১২টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ৩০ জানুয়ারি দুপুরে পীরগাছা বাজারের কীটনাশক ব্যবসায়ী রেজাউল করিম রংপুর যাওয়ার পথে হাউদার পাড় নামক স্থানে ছিনতাইয়ের শিকার হন। এ সময় তাঁর এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়।
গত ৩১ জানুয়ারি দুপুরে পাওটানা বাজারের ব্যবসায়ী আবুল কালাম রংপুর যাওয়ার পথে বড় দরগাহ সেতুর কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। একই দিন ভোরে মিঠাপুকুরের শঠিবাড়ী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুদ রানাকে অস্ত্র ঠেকিয়ে এক লাখ ১৯ হাজার ৩৮৪ টাকা লুট করে ডাকাতেরা। পরে মাইক্রোবাসযোগে পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের গুলিতে আনোয়ার হোসেন, রিপন মিয়া ও আহমেদ আলী নামের তিন ডাকাত নিহত হয়।
ইউপি সদস্য সাজু মিয়া বলেন, গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের জন্য এসব যাত্রাপালার আয়োজন করা হয়েছে। আর এসব করতে খরচের জন্য একটু জুয়া খেলার ব্যবস্থা করা হয়েছে। তবে থানা-পুলিশকে ম্যানেজ করেই এগুলো করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের জন্য একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু আয়োজকেরা স্থান পরিবর্তন করে আধা কিলোমিটার দূরে গিয়ে ওই চরে আবারও আসর বসিয়েছে।
উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়ে যাত্রা ও জুয়ার আসর বন্ধ করেছি। কিন্তু তারা আবারও পীরগাছা সীমানায় আসর বসিয়েছে। পীরগাছা থানার পুলিশকে নিয়ে শিগগিরই এসব বন্ধ করা হবে।’