মিঠাপুকুরে শতাধিক মানুষ আর্সেনিকোসিসে আক্রান্ত!
রংপুরের মিঠাপুকুর উপজেলার ফকিরপাড়া গ্রামের ৫৭টি নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। একই পরিবারের তিন সদস্য আর্সেনিকোসিসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, ওই গ্রামে কম করে হলেও শতাধিক মানুষ আর্সেনিকোসিস রোগে আক্রান্ত।গ্রামটির ৫৭টি নলকূপের মুখে ‘লাল চিহ্ন’ দিয়ে এগুলোর পানি পান থেকে বিরত থাকতে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর এলাকার ওই গ্রামে একই পরিবারের আর্সেনিকোসিসে আক্রান্ত ব্যক্তিরা হলেন শেখ মাহবুব আলম (৪০), তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম (৪০) ও ছেলে শাহ লিমন মিয়া (২০)।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান সহকারী প্রকৌশলী গালিব ইবনে সিদ্দিক প্রথম আলোকে বলেন, মাহবুব আলমের বাড়িসহ গ্রামের ৫৭টি বাড়ির নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। গ্রামটির অনেক মানুষের গায়েই ফুসকুড়ি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গ্রামটিতে শতাধিক ব্যক্তি আর্সেনিকোসিসে আক্রান্ত।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ফকিরপাড়া গ্রামের মাহবুব আলম ২০০৪ সালে জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি চিকিৎসা করান। ভালো না হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। তারপর একটু ভালো হন। আবার অসুস্থ হয়ে পড়েন। এভাবে কয়েক বছর তাঁর চিকিৎসা চলছে। কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না।মাহবুব আলম জানান, গত বছরের নভেম্বরে তাঁর ছেলে শাহ লিমন মিয়া অসুস্থ হন। তাঁর শরীরে ছোট ছোট ফুসকুড়িসহ দাগ দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ১ মার্চ লিমনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগবিশেষজ্ঞ রাজু আহমেদকে দেখানো হয়। চিকিৎসক লিমনের শরীরে এসব দাগ দেখে পরিবারের সবাইকে হাসপাতালে আসতে বলেন। ৪ মার্চ লিমন তাঁর মা-বাবাকে নিয়ে হাসপাতালে যান এবং চিকিৎসক তাঁদের দেখে নিশ্চিত হন, তাঁদের বাড়ির নলকূপের পানিতে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। ৫ মার্চ বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে জানানো হয়। সংশ্লিষ্ট বিভাগ ৭ মার্চ মাহবুব আলমের বাড়ির নলকূপের পানি পরীক্ষা করে। তারা নিশ্চিত হয়, নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। ওই নলকূপের পানিতে আর্সেনিক এক হাজার ৫২২ পারস পার বিলিয়ন (পিপিবি) মাত্রায় পাওয়া যায়। অথচ সহনীয় মাত্রা থাকার কথা ৫০ পিপিবি। ফকিরপাড়া গ্রামের সাবু মিয়া বলেন, ‘আমরা তো এইগলা বুঝি না। এলা দেখছি এই পানি কত বিপদজনক!’ খাজা মিয়া বলেন, ‘মেলা মানুষের গায়োত ফোসকা পড়ছে। মনে করছি, চুলকানি হইছে।’মির্জাপুর ইউপির চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘এখন দেখছি ভয়াবহ ব্যাপার। ওই গ্রামে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করা হচ্ছে।’ ইউপি চেয়ারম্যান জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই গ্রামে আর্সেনিকমুক্ত নতুন ১৩টি নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচটি বসানো হয়েছে।