মিঠাপুকুরে 'বন্দুকযুদ্ধ' নিহত ৩
রংপুরের মিঠাপুকুরে গতকাল শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের আনোয়ার হোসেন (৩৬), আহমেদ আলী (৩৫) ও ময়মনসিংহের রিপন মিয়া (৩৫)। এ ঘটনায় আটক হয়েছেন তিনজন। তাঁরা হলেন শরীয়তপুরের রনি মিয়া (৩২), গাজীপুরের আজাদ রহমান (৩৫) ও মাদারীপুরের ফরহাদ রহমান (৩৬)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল ভোর পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ফিলিং স্টেশনে ডাকাতি করে একটি সংঘবদ্ধ দল। ডাকাতি শেষে ওই দলটি একটি প্রাইভেট কারে রংপুরের দিকে পালিয়ে যাচ্ছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর এলাকায় হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি ধাওয়া করে আটকের চেষ্টা করে। এ সময় ডাকাত দলের গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রিপন মিয়া। আর আহমেদ আলী মারা যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টায়।
পুলিশ জানায়, গুলিবিনিময়ের পর ডাকাত দলের প্রাইভেট কারটিসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ছোরা, গাড়ির একাধিক নম্বরপ্লেট ও ফিলিং স্টেশন থেকে ডাকাতি করা এক লাখ ১৯ হাজার ৩৮৪ টাকা উদ্ধার করা হয়েছে।
শঠিবাড়ী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, ‘ভোর পাঁচটার দিকে প্রাইভেট কারে তেল নিতে এসে অস্ত্রের মুখে তাঁকেসহ পাম্পের লোকজনকে হাত-পা বেঁধে এক লাখ ১৯ হাজার ৩৮৪ টাকা লুটে নিয়ে যায় ডাকাতের দল।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।