মিঠামইন ও করিমগঞ্জে পৃথক সংঘর্ষে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন ও করিমগঞ্জে পৃথক সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত ও ৮০ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো মর্জিনা আক্তার (১৩), রবিন মিয়া (১১) ও  জাকারিয়া মিয়া (২৮)। এদের মধ্যে মর্জিনা আক্তার ও রবিন মিয়া মিঠামইন ও জাকারিয়া মিয়া করিমগঞ্জের সংঘর্ষে মারা যায়।

মর্জিনা স্থানীয় শহীদ আবদুল গণি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। রবিন চমকপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীতে পড়ত।

সংঘর্ষে আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিঠামইনের ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন ও একই ইউনিয়নের শিহারা গ্রামের আবুল নাসের স্থানীয়ভাবে প্রভাবশালী ও একে অপরের প্রতিপক্ষ। তাঁদের দুজনকে ঘিরে এলাকায় দুটি বলয় গড়ে উঠেছে। হাফিজ উদ্দিনের পক্ষের লোকজন এবার জমিতে সেচ প্রকল্প পরিচালনা করেছেন। ওই প্রকল্পের অধীনে আবু নাসের পক্ষের বেশ কিছু মানুষ সেচ ব্যবহার করেছেন। সেচের দাম নির্ধারণ নিয়ে প্রকল্পসংশ্লিষ্ট লোকজনের সঙ্গে নাসের পক্ষের লোকজনের  মতপার্থক্য হয়। এ নিয়ে গত ১৬ মে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

ওই ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলেছিল। আজ সকালে শিহারা গ্রামের একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের কয়েকজনের মধ্যে সেচ ইস্যু নিয়ে তর্ক বাধে। একপর্যায়ে হাতাহাতি হয়। দুপুর পৌনে ১২টার দিকে উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গ্রামের নারী ও শিশুরা নিজ নিজ পক্ষের লোকজনের সহায়তায় ইট ও লাঠিসোঁটা এগিয়ে দিচ্ছিল। একপর্যায়ে নাসের পক্ষের মর্জিনা ও রবিন ইটের ঢিলে মাথায় আঘাত পায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। আহত ৪৫ জনের মধ্যে গুরুতর চোট পাওয়া কামাল মিয়া (১৮), মুর্শিদ মিয়া (৪০), ফরিদ মিয়া (৩৫), মিনারা খাতুন (৩০), আসাদ মিয়া (৪৮), রহিম মিয়া (৪৫) ও মরতুজ আলীকে (৩৫) কিশোরগঞ্জ সদর, ইটনা ও করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন বলেন, ‘সেচ ব্যবহার করে নাসেরের লোকজন টাকা পরিশোধ করতে চায়নি। সেচের টাকা চাওয়ায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। পরে বাধ্য হয়ে আমরাও প্রতিহত করতে নামি।’

অভিযোগ অস্বীকার করে আবু নাসের বলেন, শিলাবৃষ্টিতে এবার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উত্পাদন খরচই ওঠেনি। চাষিরা কিছু টাকা কম দিতে চেয়েছিল। এই কারণে হাফিজ পক্ষ আমাদের লোকজনের ওপর ক্ষুব্ধ ছিল। এক কথায় আধিপত্য ধরে রাখার জন্য কারণ ছাড়াই তারা হামলা চালায়।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

এদিকে আজ দুপুরে করিমগঞ্জে গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে নোয়াবাদ গ্রামের আবদুল মালেক মুন্সি ও একই গ্রামের নিহত জাকারিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মালেক মুন্সির গাছ থেকে জাকারিয়ার পক্ষের লোকজন একটি কাঁঠাল নিয়ে যায়। এই নিয়ে আজ দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে জাকারিয়া বল্লমবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

আহত ৩৫ জনের মধ্যে গুরুতর আহত গোলাপ (২৮) ও আজিজুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফোরকান মিয়া (২৫) ও দিপু মিয়াকে (২৬) কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মাসুম মিয়া (৫০), জহুরা বেগম (৪০), খালেক মিয়া (৪৫), নূর ইসলাম (২৪), সিদ্দিক মিয়া (৫০) ও মাহবুব মিয়াকে (২৫) ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।