মিঠামইন ও চৌদ্দগ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। একইদিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।
এলাকাবাসী ও মিঠামইন থানা পুলিশ সূত্র জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপির সমর্থক শাহজাহান মোমেনের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আওয়ামী লীগের সমর্থক ফখরুল ইসলাম ও মো. মহুবের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে ঘাগড়া বাজারসংলগ্ন ব্যাপারীবাড়ির সামনে দুই পক্ষ রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, উপজেলার চাপাচৌ গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক ইলেকট্রনিক পণ্যের কোম্পানি ওয়ালটনের পরিবেশক (ডিলার) ছিলেন। তাঁর দোকানটি ছিল গুণবতী বাজারে। কয়েক বছর আগে ওয়াল্টনের পরিবেশক পরিবর্তন করা হয়। পরে রাজ্জাক বাজারে ইলেকট্রনিকস সামগ্রীর নতুন একটি দোকান খোলেন। রাজ্জাক ওয়াল্টনের পরিবেশক থাকাকালে তাঁর দোকান থেকে খাটরা গ্রামের নুরুজ্জামান একটি টেলিভিশন কেনেন। গতকাল সকালে টেলিভিশনে সমস্যা দেখা দিলে তিনি মেরামতের জন্য রাজ্জাকের বর্তমান দোকানে নিয়ে যান। রাজ্জাক তাঁকে টেলিভিশনটি ওয়াল্টনের নতুন দোকানে নিয়ে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রাজ্জাক নুরুজ্জামানকে মারধর করেন। পরে নুরুজ্জামানের গ্রামের লোকজন রাজ্জাকের দোকানে গিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
খবর পেয়ে রাজ্জাকের গ্রামের লোকজনও বাজারে খাটরা গ্রামের লোকজনের ওপর চড়াও হয়। এ সময় দুই পক্ষের লোকজনই অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বাজারের ১০-১২টি দোকান ও একটি খাওয়ার হোটেল ভাঙচুর করা হয়।