মিঠামইনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুরে গত রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এক পক্ষ সংঘর্ষের পর এখনো এলাকায় থাকতে পারছে না।এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম মিয়ার লোকজনের সঙ্গে প্রভাবশালী বাদশা মিয়া ও সঞ্জু মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। ঘটনার পর জসিম পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে গ্রাম ছাড়েন। সোমবার তারা গ্রামে ফিরতে চাইলে সঞ্জু ও বাদশার লোকজন বাধা দেন। খবর পেয়ে মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব মিয়ার নেতৃত্বে পুলিশ সেখানে যায়। পরে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামও ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয়দের নিয়ে সালিস বৈঠক করলেও তাতে বাদশা ও সঞ্জু যাননি। পরে তাঁদের এক আত্মীয় ফয়েজ উদ্দিনকে ডেকে আইন নিজের হাতে তুলে না নিতে বলা হয়। স্থানীয়রা জানান, রোববার সংঘর্ষের সময় সঞ্জু ও বাদশার লোকজন জসিমের পক্ষের লোকজনের ২৮টি গরু, আটটি মহিষ ও চারটি ভেড়া লুট করে। এর মধ্যে ১৮টি গরু ও দুটি ভেড়া পুলিশ সোমবার উদ্ধার করে। আটটি মহিষ গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া কাটাখালী ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিন উদ্ধার করেন আটটি গরু। দুটি ভেড়া এখনো পাওয়া যায়নি। ইউএনও সাদেকুর রহমান বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। এ সংঘর্ষের জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। ওসি মনিরুল ইসলাম জানান, গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জসিম মিয়া জানান, তিনি বর্তমানে কিশোরগঞ্জ শহরে রয়েছেন। আজ বুধবার তিনি থানায় মামলা করবেন। সঞ্জু ও বাদশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।