মিঠামইনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী মাহবুবা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী মাহবুবা রহমান। তিনি বিএনপির মনোনয়নে ঘাগড়া ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে মাহবুবাসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাহবুবা রহমান জেলা মহিলা দলের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহবুবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া মুসলেম উদ্দিন এবং বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরীসহ মুখলেছুর রহমান, বাবুল মিয়া, সাইফুল ইসলাম। এই চার প্রার্থীই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’।
মাহবুবা বলেন, তিনি বিজয়ী হলে দুর্গম হাওরের অবহেলিত নারীদের কল্যাণে কাজ করবেন। আওয়ামী লীগের দলীয়, বিদ্রোহীসহ মোট পাঁচ প্রার্থীর মধ্যে দলীয় ভোট ভাগাভাগি হবে। সে ক্ষেত্রে নির্বাচনে কোনো রকম অনিয়ম বা দুর্নীতি না হলে তিনি সহজেই নির্বাচিত হবেন বলে আশা করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুবাদে আমি সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি। নির্বাচনে বিজয়ী হলে আমি ঘাগড়া ইউনিয়ন পরিষদকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত করব এবং যুদ্ধাপরাধী, দলবাজ, দুর্নীতিবাজ ও ভূমিদস্যুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।’
মাহবুবা ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের বাসিন্দা। মিঠামইন উপজেলার সাতটি ইউনিয়নে ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।