মিঠামইনে ট্রলারডুবি ৫ নারী-শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৌলাই নদীতে গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে দুই পরিবারের দুই নারী ও তিন শিশুর মৃত্যু হয়েছে। ট্রলারটিতে ২০০ মণ ধান উঠানো হয়েছিল বলে জানা গেছে।মারা যাওয়া যাত্রীরা হলো, উপজেলার ঘাগড়া গ্রামের মোছা. সোমেনা (৩০), তাঁর ছেলে মারুফ (৭), মেয়ে বাবু (৪) এবং তেলিগাই গ্রামের সুখী আক্তার (২৫) ও তাঁর ছেলে জিসাদ (৮)। ট্রলারের যাত্রী ইমন মিয়া (৩৫) সাঁতরে তীরে ওঠেন কিন্তু তাঁর স্ত্রী সুখী আক্তার ও ছেলে জিসাদের মৃত্যু হয়। ইমন প্রথম আলোকে জানান, ট্রলারটিতে সব মিলিয়ে ১৭ জন যাত্রী ছিল। এ ছাড়া এতে ১০০ বস্তা ধান ও কিছু অন্য মালামাল উঠানো হয়। সকাল সাড়ে ছয়টার দিকে মিঠামইনের ঘাগড়া নৌঘাট থেকে এমভি লিজা-১ নামের এই ট্রলারটি করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট নৌবন্দরের উদ্দেশে রওনা হয়। সকাল সাতটার দিকে উপজেলার বৌলাই নদীতে চারিগ্রাম ও পাতারাকান্দি-চারিগ্রামের মাঝামাঝি এলাকায় পৌঁছায়। তখন বাঁক নেওয়ার সময় স্রোতের টানে ট্রলারটি উল্টে যায়। পুত্রবধূ নাতি ও নাতনির লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন ঘাগড়া গ্রামের বাবুল মিয়া। বাবুল মিয়া জানান, তাঁর ছেলে ফাইজুল মিয়া ঢাকায় থাকেন। তিনি সেখানে ক্ষুদ্র ব্যবসা করেন। ফাইজুলের স্ত্রী সোমেনা। হাওরে ধান কাটার মৌসুমে প্রতি বছরের মতো এবারও বাড়িতে আসেন তিনি। ১০ দিন থাকার পর গতকাল ছেলে ও মেয়েকে নিয়ে স্বামীর কাছে যাচ্ছিলেন। তাঁর আর ঢাকা যাওয়া হয়নি। পথেই ছেলে মারুফ ও মেয়ে বাবুর সঙ্গে সোমেনারও মৃত্যু হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমানসহ জনপ্রতিনিধিরা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও এলাকাবাসী ট্রলারটি নদীর পাড়ে নিয়ে আসেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি মৃতদেহ দাফনের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। ইউএনও সাদেকুর রহমান বলেন, ‘ট্রলারটিতে ২০০ মণ ধান ছিল বলে জানতে পেরেছি, যা ট্রলারের ধারণক্ষমতার বেশি। ট্রলারের ভেতর থেকে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। কেউ নিখোঁজও নেই।’ মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ট্রলারের চালক গোলাপ মিয়াকে আসামি করে মামলা হয়েছে।