মিঠামইনে ট্রলারডুবির ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে ট্রলার ডুবে পাঁচ নারী আনসারের প্রাণহানির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গতকাল সোমবার অতিরিক্ত জেলা হাকিম মাহবুব হাসান শাহিনকে প্রধান করে এ কমিটি গঠন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। কমিটিকে তিন দিনের মধ্যে ট্রলারডুবির কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত রোববার ভোর পাঁচটার দিকে মিঠামইন সদরের বাজার ঘাটে ট্রলারডুবিতে পাঁচ নারী আনসার সদস্যের প্রাণহানি ঘটে। আগের দিন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে শতাধিক আনসার সদস্য ট্রলারটিতে চড়ে বাড়ি ফিরছিলেন। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার আগেই অতিরিক্তি যাত্রী বোঝাইয়ের কারণে ঘোড়াউত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের বেশির ভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই পাঁচ নারী ডুবে মারা যান।