মিঠামইনে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা!
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা করার অভিযোগ উঠেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামে বাদশা মিয়া ও জসিম মিয়ার মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষও হয়েছে। গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের তবারক মিয়া (৮০) মারা যান। এ ঘটনায় বাদশা মিয়ার সমর্থক তবারকের ভাতিজা আলমগীর মিয়া মিঠামইন থানায় জসিম মিয়াসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে বাদী আসামিদের বিরুদ্ধে তাঁর চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন।গতকাল স্থানীয় সাংবাদিকদের কাছে জসিম মিয়া অভিযোগ করেন, তবারকের মৃত্যুর ঘটনায় তাঁকে ও তাঁর সমর্থকদের ফাঁসাতে পুলিশের যোগসাজশে হত্যা মামলাটি করা হয়েছে। তিনি বলেন, কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে বাদশার সমর্থকদের প্রভাব বিস্তারের কারণে লাশের ময়নাতদন্ত করা হয়নি। কিশোরগঞ্জের সিভিল সার্জন ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল দল গঠন করেন। দলটি ময়নাতদন্ত না করে তবারকের লাশ ময়মনসিংহে পাঠায়।সদর হাসপাতালের একটি সূত্র জানায়, পুলিশের সুরতহাল প্রতিবেদনে তবারকের দুই ঊরুর মাঝখানে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়। প্রাথমিক তদন্তে এ ধরনের কোনো লক্ষণ না পেয়ে অধিকতর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর লাশ পাঠানো হয়। সেখানে গতকাল তবারকের লাশের ময়নাতদন্ত হয়েছে।পুলিশের যোগসাজশের অভিযোগ অস্বীকার করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আলমগীর মিয়া থানায় লিখিত এজাহার করায় মামলা নেওয়া হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।