মিঠামইনে বাঁধ ভেঙে তলিয়ে গেল ছয় হাজার একর জমির ধান
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল সোমবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে ছয় হাজার একর জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার কৃষক।ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, বোরো চাষের জন্য ডিজেল, সার, বীজ, কীটনাশক কিনতে অনেক কৃষককেই দাদন নিতে হয়েছে। দেড় থেকে দুই শ টাকার বিনিময়ে এক মণ ধান দেওয়ার শর্তে এ দাদন নেওয়া হয়েছে। এখন কী দিয়ে দেনা শোধ করবে আর নিজেরাই বা কী খাবে, সেই চিন্তায় কৃষকদের ঘুম হারাম হয়ে গেছে।কৃষক মাজহারুল হক বলেন, ‘কয়েক দিন ধরে সবাই মিলে ঢাকী ফসল রক্ষা বাঁধ মেরামতে কাজ চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ রক্ষা হলো না। বেলা আড়াইটার দিকে বাঁধ ভেঙে আধাপাকা ধান ডুবে গেল।’মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকী বাঁধ ভেঙে প্রায় ছয় হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে স্থানীয় প্রায় দুই হাজার কৃষক চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।স্থানীয় সাংসদ ও স্পিকার আবদুল হামিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন উপজেলার ক্ষতিগ্রস্ত ৫০টি হাওর পরিদর্শন করেছি। সব মিলিয়ে ৩৫ হাজার একরেরও বেশি জমির ধান ডুবে গেছে বলে মনে হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে ও সংসদে তুলে ধরা হবে।’ কৃষকদের সান্ত্বনা দিয়ে তিনি জানান, ভিজিএফ ও সরকারি অন্যান্য আর্থিক সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, হাওর এলাকার অনেক জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশ চলছে। পরে তালিকা তৈরি করে সরকারকে বিস্তারিত জানানো হবে।জগন্নাথপুরে ডুবেছে এক হাজার একর জমির ধানসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আরও এক হাজার একর বোরো ফসল তলিয়ে গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার জগদীশপুর-হরিণাকান্দি বেড়িবাঁধ ভেঙে সাদিপুর হাওরের এসব জমি ডুবে যায়। কলকলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, ‘আমরা এলাকাবাসীকে নিয়ে এক সপ্তাহ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারলাম না।’ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিত্ সিংহ বলেন, ‘বাঁধ ভেঙে সাদিপুর হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার খবর পেয়েছি।’