মিঠামইনে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নে গতকাল সোমবার দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত ও শতাধিক আহত হয়েছে। এ ছাড়া কটিয়াদীতে গত রোববার সন্ত্রাসীদের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ইউনিয়নের একটি মাঠে শিশুরা খেলা করছিল। একপর্যায়ে কান্দিপাড়া গ্রামের চঞ্চল নামের এক শিশুকে অন্য শিশুরা কিলঘুষি মারে। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে কান্দিপাড়া গ্রামের গিয়াস উদ্দিন ও আফতাব উদ্দিন এবং কেলিখাই মাথারবাড়ি গ্রামের ছবুর খানের নেতৃত্বে দুই শতাধিক লোক দা, লাঠি, বল্লম ও বন্দুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষে সাদ্দাম নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া কান্দিপাড়া থেকে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে ৫২ জনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দুকের গুলিতে সাদ্দামের মৃত্যু হয়েছে। তিনি কেলিখাই মাথারবাড়ির এলাম ভূঁইয়ার ছেলে।এদিকে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচালীপাড়া গ্রামে গত রোববার মতিউর রহমান (৬০) নামের আওয়ামী লীগের এক কর্মীকে সন্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে করগাঁও বাজার থেকে পাঁচালীপাড়ায় যাচ্ছিলেন মতিউর। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে রামদা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।