মিঠামইনে সর্বোচ্চ ৮ দশমিক ৩১ শতাংশ ভোট বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে পড়া ভোটের ৩ দশমিক ৭৭ শতাংশ থেকে ৮ দশমিক ৩১ শতাংশই বাতিল হয়ে গেছে। ব্যালট সঠিকভাবে ভাঁজ করতে না পারা, দেওয়া সিলের অস্পষ্টতা, অনেক প্রতীকে সিল দেওয়াসহ বিভিন্ন কারণে এসব ভোট বাতিল হয়।
২৩ মার্চ চতুর্থ ধাপে মিঠামইনে ভোট হয়। চেয়ারম্যান নির্বাচিত করার ক্ষেত্রে ৪৬ হাজার ৮১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে এক হাজার ৭৬৭টি ভোট বাতিল হয়েছে। বাতিল হওয়া ভোট পড়া ভোটের ৩ দশমিক ৭৭ শতাংশ। ভাইস চেয়ারম্যান পদে মোট ৪৬ হাজার ৭২১ জন ভোট দেন। বাতিল হয় দুই হাজার ৯১০টি, যা মোট ভোটের ৬ দশমিক ২৩ শতাংশ। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৪৬ হাজার ৬৭৭টি। এর মধ্যে বাতিল হয়েছে তিন হাজার ৮৮১টি, যা মোট ভোটের ৮ দশমিক ৩১ শতাংশ।