মিঠামইনে হাওরের পানি ঢুকে তলিয়ে গেছে ধান
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ডুবি ও মাইজচর হাওরের হিরাজুঁড়ি বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক শ একর জমির পাকা ধান। কৃষকেরা স্থানীয় উদ্যোগে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন। গতকাল মঙ্গলবার ভোরে বাঁধ ভেঙে পানি ঢোকায় ফসল তলিয়ে যেতে শুরু করে।
এলাকার কয়েকজন কৃষক জানান, ডুবি ও মাইজচর হাওর দুটি উপজেলার গোবদিঘি ইউনিয়নের অন্তর্ভুক্ত। ওই দুই হাওরে এক হাজার একর জমি রয়েছে। এবার পুরো জমিতে বিআর-২৯ জাতের ধানের আবাদ করা হয়েছে। তিন থেকে চার দিন পর ধান কাটা শুরু হওয়ার কথা। এরই মধ্যে কয়েক দিনের টানা কালবৈশাখীতে বাঁধের পাড় দুর্বল হয়ে পড়ে। কৃষকেরা গতকাল ভোরে এসে দেখতে পান, কয়েকটি স্থান থেকে মাটি সরে পানি ঢুকছে। তখন মসজিদের মাইকে বাঁধ রক্ষার আহ্বান জানানো হয়। এরপর বাড়ির নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-বৃদ্ধরাও বাঁধ রক্ষায় নেমে পড়েন।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূঁইয়া অবশ্য দাবি করেন, রাতে মাছ ধরার সুবিধার্থে কিছু লোক বাঁধ কেটেছে। তবে স্থানীয় উদ্যোগে পানি ঢোকা ঠেকানো গেছে।
গোবদিঘি গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, হাওরে তাঁর ১৫ একর জমি আছে। তিন দিন পর ধান কাটার প্রস্তুতি নিয়েছিলেন। এ অবস্থায় পানি ঢুকে এরই মধ্যে কয়েক একর জমির ধান তলিয়ে গেছে।
একই গ্রামের বাদশা মিয়া বলেন, বৃষ্টির কারণে বাঁধ দুর্বল হয়ে যাওয়ার কথা কৃষি কার্যালয়কে জানানো হয়েছে।
কৃষক রফিকুল ইসলাম বলেন, বাঁধ রক্ষায় স্থানীয়ভাবে চেষ্টা চলছে। তবে এক স্থানে পানি ঠেকানোর পর অন্য স্থান থেকে মাটি সরে পানি ঢুকছে। এ অবস্থায় বাঁধ মেরামত করা না গেলে পুরো জমি তলিয়ে যাবে।
জানতে চাইলে মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, হিরাজুঁড়ি বাঁধ দিয়ে পানি ঢোকার কথা জেনেছি। কৃষি কার্যালয় থেকে লোকজন পাঠানো হয়েছে।