মিঠুনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র মিঠুন নন্দীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন হয়। মিঠুন সমিতির সাংগঠনিক সম্পাদক শেখর নন্দীর ছেলে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা শরীফ মুনির হোসেন, নারীনেত্রী রাবেয়া ইউসুফ, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি গোলাম রব প্রমুখ। বক্তারা মিঠুন হত্যার প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের শেখর নন্দীর একমাত্র ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র মিঠুন নন্দীকে গত ১৮ অক্টোবর হত্যা করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে; বাকিরা ধরাছোঁয়ার বাইরে।