মিঠুনের পথ চেয়ে পালপাড়ার শিশুরা
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাট এলাকায় একটি গাড়ি মেরামতের কারখানায় (গ্যারেজ) ব্যস্ত থাকায় বাড়িতে খুব একটা যাওয়ার সুযোগ হয়ে উঠত না মিঠুনের। শুক্রবার এলেই গ্যারেজের কোনো একটি মোটরসাইকেল নিয়ে সে চলে যেত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতদল পালপাড়া গ্রামে নিজ বাড়িতে। মিঠুনের বাড়িতে আসার খবর শুনেই গ্রামের শিশুরা তাকে ঘিরে ধরত। সে শিশুদের মোটরসাইকেলে চড়িয়ে গ্রামে ঘুরাত। সব শিশুর আবদার মিটিয়ে সারা দিন এবাড়ি-ওবাড়ি গিয়ে হইহুল্লোড় করে মাতিয়ে রেখে পরদিন আবার ফিরে যেত কর্মস্থলে।গত দুই শুক্রবার ওই পালপাড়ায় বাজেনি মোটরসাইকেলের হর্ন। কারণ, গত ২৮ ফেব্রুয়ারি গড়েয়াহাট এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডব চলাকালে গুলিতে নিহত হয় মিঠুন পাল। পালপাড়ার শিশুরা কিছুতেই বিশ্বাস করতে পারছে না, মিঠুন আর নেই।গ্যারেজের মালিক সন্তোষ রায় বলেন, ‘২৮ ফেব্রুয়ারি গ্যারেজেই কাজ করছিল মিঠুন। সেখানে গোলাগুলির খবর মুঠোফোনে মিঠুন আমাকে জানিয়ে গ্যারেজে আসতে নিষেধ করে। পরে সে নিজেই কৌতূহলে ছুটে যায়।’ সন্তোষ রায় জানান, মিঠুন কাজে বেশ মনোযোগী ছিল। তাই কয়েক বছরে সে পাকা মিস্ত্রি বনে যায়। ওর মৃত্যুতে তাঁর বড় ক্ষতি হয়ে গেল।মিঠুনের বাবা নিতাই পাল জানান, দুই ছেলের মধ্যে মিঠুন ছোট। ছেলেবেলা থেকেই বেশ মিশুক ছিল সে। এলাকায় ছোট-বড় সবার প্রিয় ছিল। অভাবের কারণে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর ওর আর লেখাপড়া চালানো সম্ভব হয়নি। পাঁচ বছর কঠোর পরিশ্রমের পর যখন সে নিজেকে একজন দক্ষ মিস্ত্রি হিসেবে গড়ে তুলল, তখনই তার মৃত্যু হলো।পালপাড়ার শিশু দীপু বলে, ‘দাদা এলেই আমাদের নিয়ে খেলাধুলা করত। মোটরসাইকেলে চড়িয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াত, গল্প করত। আমরা দাদাকে ভুলতে পারব না।’