মিঠুর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা

বিশিষ্ট চিত্রশিল্পী ও চিত্রপরিচালক খালিদ মাহমুদ মিঠুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বুধবার প্রথমে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।
সকাল ১০টার দিকে মিঠুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে অগ্রজ, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিচিত ও ঘনিষ্ঠজনেরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দুপুর ১২টার দিকে মিঠুর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানেও বিশিষ্ট ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণির মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার পর মিঠুর মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হবে। এরপর চ্যানেল আই কার্যালয়ে শেষ জানাজা হবে। বিকেলে বনানী কবরস্থানে বাবা শামসুদ্দিন আহমেদের কবরে মিঠুকে দাফন করা হবে।
গত সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির চার নম্বর সড়কে উপড়ে পড়া গাছের চাপায় নিহত হন মিঠু।