চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বালিকা উচ্চবিদ্যালয়গুলোতে মিড ডে মিল (দুপুরের খাবার) চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বিদ্যালয়ের ছাত্রীদের আনা-নেওয়ার জন্য বাস সার্ভিস চালু করারও সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এসব বিদ্যালয়ে ২২ হাজার ছাত্রী পড়ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫তম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়। গত ২০ অক্টোবর এই সভা হয়। এর আগে ১৬ অক্টোবর সিটি করপোরেশনের নারী ও শিশু উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির সভায় ছাত্রীদের জন্য মিড ডে মিল ও বাস সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়। সিদ্ধান্তগুলো কখন ও কীভাবে বাস্তবায়ন করা যায়, তা মেয়রের সঙ্গে বিস্তারিত আলোচনা করে ঠিক করা হবে বলে জানান সিটি করপোরেশনের নারী ও শিশু উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এম আশরাফুল আলম।
করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম নগরে সিটি করপোরেশন পরিচালিত ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বালিকা বিদ্যালয় রয়েছে ২৫টি।
সিটি করপোরেশনের উদ্যোগ বাস্তবায়িত হলে ছাত্রীরা উপকৃত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রাম শাখার সভাপতি লতিফা কবির। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অনেক সময় বখাটেদের হয়রানির শিকার হয়। আলাদা বাস সার্ভিস চালু হলে তারা নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। এই সার্ভিসে পর্যাপ্ত বাস দেওয়া উচিত।
ছাত্রীদের জন্য বাস সার্ভিস পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ছাত্রীদের বিদ্যালয়ে আনা-নেওয়ার জন্য একটি বাস ঠিক করা হয়েছে। সিটি করপোরেশনের ‘সিটি ট্যুর সার্ভিস’ প্রকল্পের আওতায় থাকা ১৫টি বাস নিলামে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। বাসগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ছাত্রীদের জন্য নতুন বাস কেনা হবে।
বাস চলাচলের রুট নির্ধারণ প্রসঙ্গে প্রধান প্রকৌশলী জানান, বিদ্যালয়ের ক্লাসের সময়সূচি অনুযায়ী বাস চলাচলের রুটগুলো নির্ধারণ করা হবে। এসব রুটের সঙ্গে সর্বোচ্চসংখ্যক বিদ্যালয়কে সংযুক্ত করার চেষ্টা থাকবে।