মিড ডে মিলে বদলে গেল বিদ্যালয়
এক বছর আগের কথা। রংপুরের তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। গিয়ে দেখেন, শিক্ষার্থীরা ঠিকমতো সব ক্লাস করছে না। কারণ শিক্ষার্থীদের অনেকে দুপুরের বিরতির সময় খাবার খেতে বাড়ি গিয়ে আর ফিরে আসে না।
ইউএনও এরপর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সঙ্গে কথা বলে বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর উদ্যোগ নেন। এ উদ্যোগের কথা শুনে শিক্ষার্থীদের দুপুরের খাওয়ার খরচ মেটাতে এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। এখন ৯৮ শতাংশ শিক্ষার্থী সব ক্লাস করছে।
উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে হাতীবান্ধা বাজারের পাশের এই বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ২৪৫ জন শিক্ষার্থী আছে। শিক্ষকেরা বলেন, গত বছরের ডিসেম্বরে ইউএনও জিলুফা সুলতানা বিদ্যালয় পরিদর্শনে আসেন। বিদ্যালয়টির এ অবস্থা দেখে তিনি মিড ডে মিল চালু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি গত বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে এক বছরের জন্য শিক্ষার্থীদের দুপুরের খাওয়ার খরচ দেওয়ার দায়িত্ব নেন। খরচ কমাতে ইউএনও তাঁর বাসায় শিক্ষার্থীদের খাবার রান্না করে মিড ডে মিল চালু করেন।
প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ জানান, মাছ, ডাল, সবজি দিয়ে তৈরি খিচুড়ি শিক্ষার্থীদের খাওয়ানো হয়। সহকারী শিক্ষক মাহামুদুন্নবী বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে বনভোজনের আমেজে দুপুরের খাবার খায়। মনে হয়, তারা একই পরিবারের সদস্য। সবাই বাড়িতে যেভাবে খায়, সেভাবে খেয়েদেয়ে সবকিছু নিজেরাই আবার পরিষ্কার-পরিচ্ছন্ন করে রেখে দেয়।
তৃতীয় শ্রেণির ছাত্রী খাদিজা। বিদ্যালয় থেকে তিন কিলোমিটার দূরে মধ্যপাড়া গ্রামে তার বাড়ি। প্রায়ই সে দুপুরের খাওয়ার বিরতিতে বাড়ি গিয়ে আর ফিরে আসত না। কিন্তু এখন সে সব ক্লাস করে বাড়ি যায়। চতুর্থ শ্রেণির ছাত্রী লিজা খাতুন ও মলিনা খাতুন বলে, আগে বেলা একটার পরই তাদের খিদে লেগে যেত। পেটে খিদে নিয়ে ক্লাস করত। এখন বিদ্যালয়েই তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের দুই ভাগে খাওয়ানো হয়। ছুটির আগে দুপুর ১২টায় শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং বেলা দেড়টায় খাওয়ানো হয় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। দুপুরের খাবার চালু করার পর বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি অনেক বেড়েছে। দুপুরের খাবারের আয়োজনে অংশ নিতে তারা মুখিয়ে থাকে। অনেকের বাড়ি স্কুলের পাশেই। তারা ইচ্ছা করলে বাড়ি যেতে পারে। কিন্তু এখন আর দুপুরে কেউ বাড়ি যায় না।
ইউএনও জিলুফা সুলতানা বলেন, তিনি উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে চান। হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যেমন একজন হৃদয়বান ব্যক্তি এগিয়ে এসেছেন, তেমন সহায়তা পেলে এটা করা এখনই সম্ভব।