মিডওয়াইফারি কোর্সের শিক্ষকেরা অনলাইনে মাস্টার্স করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মিডওয়াইফারি (ধাত্রীবিদ্যা) কোর্সের শিক্ষকেরা অনলাইনে এক বছরের জন্য মাস্টার্স ডিগ্রি করার সুযোগ পেতে যাচ্ছেন। এশিয়ার মধ্যে বাংলাদেশেই এ ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকা নার্সিং কলেজে অনলাইন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সেবা পরিদপ্তর ও সুইডিশ ডালারনা ইউনিভার্সিটির উদ্যোগে প্রথমবারের মতো যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক এ কোর্স চালু হচ্ছে। এতে সহায়তা করবে সুইডিশ সরকার।
ইউএনএফপিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা জানিয়েছেন, অনলাইনে এ ধরনের কোর্সে অংশগ্রহণ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে। কোর্স শেষ করে এতে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিতে পারবেন, গবেষণা প্রকল্পে কাজ বা নিজ বিভাগে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে মাতৃমৃত্যু প্রতিরোধে জোরালো ভূমিকা পালনে এ কোর্স সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনএফপিএ প্রধান (প্রজনন স্বাস্থ্য) সাথায়া ডোরাইসওয়ামাই বলেন, এ ডিগ্রি মিডওয়াইফ পেশাকে শক্তিশালী করবে। বাংলাদেশ একসময় এ ক্ষেত্রে বিশ্বে রোল মডেল হিসেবে গণ্য হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুইডেন এম্বাসির ফার্স্ট সেক্রেটারি মারসেলা লিজানো বাংলাদেশের জনস্বাস্থ্যব্যবস্থা উন্নয়নে এ ধরনের কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।