মিডওয়াইভস - সুন্দর আগামীর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আলোচনা

আব্দুল কাইয়ুম: দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বেশির ভাগ গর্ভবতী মা বাড়িতে সন্তান প্রসব করেন। এঁরা অনিরাপদভাবে অদক্ষ সেবাদানকারীর সাহায্য নেন। তাই মা ও শিশুর জীবেন ঝুঁকি থাকে। এ পরিস্থিতির পরিবর্তনে দক্ষ মিডওয়াইফের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
সামগ্রিকভাবে দক্ষ মিডওয়াইফের মাধ্যমে প্রসবের হার এখনো অনেক কম। কিন্তু দক্ষ ও পেশাদার মিডওয়াইফ মা ও নবজাতকের মৃত্যুরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একজন মিডওয়াইফ জানেন অন্তঃসত্ত্বা মা ও নবজাতকের অবস্থার অবনতি হলে কীভাবে তা শনাক্ত করবেন।
একজন মিডওয়াইফ অস্ত্রোপচার ছাড়াই সমস্যার সমাধানে সহায়তা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি জানেন, কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে মা ও নবজাতককে পাঠাতে হবে। বাংলাদেশ সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এসবই আজকের আলোচনার বিষয়।


নূর হোসেন তালুকদার

নূর হোসেন তালুকদার
নূর হোসেন তালুকদার

আজকের আলোচনায় বিশেষজ্ঞ পর্যায়ের লোক আছেন। আলোচনায় অনেক বিষয় আসবে। তবে প্রধান কথা হলো আমরা যেটা জানি, সেটা অন্যদের জানাতে হবে। ইউনিয়ন পর্যায়ে আমাদের চার হাজার পরিবারকল্যাণ কেন্দ্র আছে। এফডব্লিউভির (পরিবারকল্যাণ পরিদর্শক) পদ আছে ৫ হাজার ৭০০ জনের। এখানে কর্মরত আছেন ৪ হাজার ৮০০ জন। এসএসিএমওর (সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) পদ আছে ২ হাজার ৫০০ জনের। কর্মরত আছেন ২ হাজার ৩০০ জন। ১ হাজার ৬০০ জন মিডওয়াইফারি প্রশিক্ষণের সুযোগ আছে। সিএসবি (কমিউনিটি স্কিল বার্থ অ্যাটেনডেন্ট) আছেন নয় হাজার। তাই বলা যায়, পরিবারকল্যাণ স্বাস্থ্য খাতে দক্ষ লোকবলের খুব একটা অভাব নেই।
ধাত্রীবিদ্যাকে সভ্যতার মাপকাঠি বলা হয়। যে জাতির মা ও শিশু যত স্বাস্থ্যবান এবং নিরাপদ, সে জাতি তত উন্নত। আমরা ধাত্রীসেবার ক্ষেত্রে আশানুরূপ ফল না পেলেও এখন এ ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান উভয় পক্ষ কাজ করছে। ভবিষ্যতে এ ক্ষেত্রে সফলতা অর্জন করব।
ধাত্রীসেবাকে অনেক বড় করে দেখতে হবে। এটি একটি মহান কাজ। ধাত্রীরা হবেন গুণী মানুষের অংশীদার। তাই সবার চেষ্টায় মিডওয়াইফারি পেশাকে আরও সুপ্রতিষ্ঠিত করতে হবে। প্রথম আলো স্বাস্থ্যবিষয়ক অনেক প্রতিবেদন প্রকাশ করে। স্বাস্থ্য বিষয়ে আমাদের আরও কী করা উচিত, সে বিষয়ে পরামর্শমূলক প্রতিবেদন তৈরির জন্য অনুরোধ করছি।


শামিনা শারমীন

শামিনা শারমীন
শামিনা শারমীন

আগামী দিনের জন্য সবার কাম্য হাসি-খুশি মা ও সুন্দর-সুস্থ সন্তান। মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ অনেক এগিয়েছে। ১৯৯০ সালে প্রতি লাখ জীবিত জন্মে মারা যেতেন ৫৭৪ জন মা। ২০১০ সালে সেটা নেমে এসেছে ১৯৪ জনে। জাতিসংঘের ২০১৩ সালের ধারণামতে, বাংলাদেশে প্রতি লাখ জীবিত জন্মে মারা যাচ্ছেন ১৭০ জন মা।
মাতৃমৃত্যু রোধের এসব পরিসংখ্যান বাংলাদেশকে অনেক আশাবাদী করে তুলেছে। কিন্তু এমডিজি লক্ষ্যমাত্রা অনুসারে ২০১৫ সালের মধ্যে এটি ১৪৩ জনে নামিয়ে আনতে হবে। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। বিশেষ বিশেষ এলাকায় মাতৃমৃত্যুর হার বেশি। এই এলাকাগুলো চিহ্নিত করতে হবে। মাতৃমৃত্যুর তিনটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। যেমন: এক. রক্তক্ষরণ, দুই. উচ্চ রক্তচাপ, তিন. বাধাগ্রস্ত জন্ম। এ তিনটি কারণই প্রতিরোধযোগ্য।
মা যদি সঠিক সময়ে সঠিক স্থানে থাকেন, তাহলে মাতৃমৃত্যুর প্রধান তিনটি কারণকে প্রতিরোধ করা সম্ভব। এ তিনটি কারণকে প্রতিরোধ করতে পারলে দেশে জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার অনেক কমে আসবে। হাসপাতালে প্রসব হচ্ছে ৩৭ শতাংশ মায়ের। আর দক্ষ সেবাদানকারীদের মাধ্যমে ৪২ শতাংশ মায়ের প্রসব হচ্ছে। ৬৩ শতাংশ মা বাড়িতে প্রসব করছেন। এঁরা খুবই অদক্ষ ধাত্রী দিয়ে প্রসবের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করছেন।
হাসপাতালের স্বাস্থ্যসেবার অধিকাংশই গ্রহণ করছেন ধনীরা। মাত্র ৭ শতাংশ দরিদ্র মানুষ এ সেবা নিচ্ছেন। এই দরিদ্র মানুষের কাছে আমাদের যেতে হবে। তাঁদের কাছে কীভাবে সেবাটি পৌঁছানো যায়, সে চেষ্টা করতে হবে। এ চ্যালেঞ্জটি নিতে পারলে মাতৃমৃত্যুর ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি ঘটবে। শিশুবিবাহ বন্ধ হলে মাতৃমৃত্যুর হার কমবে। আবার শিশুবিবাহ হলেও যদি তাদের গর্ভধারণ দেরি করা যায়, তাহলেও মাতৃমৃত্যুর হার কমবে। মিডওয়াইফরা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মিডওয়াইফ এখন আন্তর্জাতিকভাবে জায়গা করে নিয়েছে। একজন মিডওয়াইফ মায়ের গর্ভধারণের শুরু থেকে শেষ পর্যন্ত সব অবস্থার সঙ্গী। একজন মিডওয়াইফ জানেন মায়ের কখন কী পরিবর্তন হচ্ছে। মিডওয়াইফ নিজেও একজন নারী। বিশ্বের সব নারীরই প্রজনন ও গর্ভকালীন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নারী সেবাদানকারী পছন্দ। আর এ ক্ষেত্রে মিডওয়াইফরা অগ্রণী ভূমিকা পালন করেন।


নিলোফার ফরহাদ

নিলোফার ফরহাদ
নিলোফার ফরহাদ

খুশির বিষয় এই যে তিন হাজার মিডওয়াইফারির পদ সৃষ্টি হয়েছে। প্রতিবছর ৬০০ জন করে নিয়োগ হবে। ২০১৬ সাল থেকে এ নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। উপজেলা পর্যায়ে চারজন এবং ইউনিয়ন পর্যায়ে একজন কাজ করবেন। এঁরা একজন মাকে গর্ভধারণের শুরু থেকে শেষ পর্যন্ত মানসিক ও শারীরিকভাবে মায়ের পাশে থাকবেন। নয় মাস যাবৎ মাকে সুস্থ থাকার যাবতীয় ব্যবস্থা করবেন। মায়ের গর্ভের সন্তান কখন কোন অবস্থায় থাকে, তার কোনো সমস্যা হচ্ছে কি না, সেটাও পর্যবেক্ষণ করবেন।
গর্ভধারণের পর মা যাতে একজন সুস্থ-সবল সন্তান জন্ম দিতে পারেন, সে ব্যাপারে মাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার দায়িত্ব একজন মিডওয়াইফের। এ সন্তান জন্ম হওয়া তাঁর জন্য যেন একটা গর্বের বিষয় হয়। এভাবেই মিডওয়াইফরা তৈরি হবেন। প্রসবের পরও যেন মাকে কমপক্ষে তিনটি চেকআপ করা হয়, সে ব্যবস্থাও থাকবে। মিডওয়াইফদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এখানে তাঁদের একটা ক্যারিয়ার প্ল্যান থাকবে। একটা ক্যারিয়ার প্ল্যান না থাকলে এঁরা মনোযোগ দিয়ে হয়তো কাজ করতে পারবেন না। এখন কেবল একটা কোর্স খুললেই হবে না, একটা মানসম্মত প্রশিক্ষণকেন্দ্র তৈরি করতে হবে। এ কেন্দ্রে মিডওয়াইফদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক তৈরি হবেন। কোনো মা যেন অযত্ন-অবহেলায় তাঁর সন্তান প্রসব না করেন, তেমন ব্যবস্থাই আমাদের করতে হবে। প্রতিটি মা যেন নিরাপদে সন্তান প্রসব করতে পারেন, আমাদের সে ব্যবস্থা করতে হবে।


ইসমাত ভূঁইয়া

ইসমাত ভূঁইয়া
ইসমাত ভূঁইয়া

দেশে ৬২ শতাংশ প্রসব এখনো বাড়িতে হয়। এর মধ্যে ৯০ শতাংশের বেশি হয় অশিক্ষিত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর হাতে। প্রত্যন্ত এলাকার নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করতে পারলে বাংলাদেশে মাতৃ ও নবজাতকের মৃত্যুহার আরও কমবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রত্যন্ত এলাকার কথা ভেবেই ছয়টি এনজিওর সঙ্গে অংশীদাির ভিত্তিতে ছয়টি জেলায় ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স পরিচালনা করছে। এখানে দুর্গম এলাকা থেকে ছাত্রী ভর্তি করা হয়। তাঁদের দক্ষতাভিত্তিক পাঠক্রমের আওতায় আনা হয়। এ পাঠক্রমের ৪০ শতাংশ তত্ত্বীয় ও ৬০ শতাংশ ব্যবহারিক শিক্ষা রয়েছে।
শিক্ষার্থীরা যেন তাঁদের ব্যবহারিক শিক্ষা বিভিন্ন হাসপাতালে শিখতে পারেন, তার ব্যবস্থা করার চেষ্টা করা হয়। বর্তমানে ছাত্রীসংখ্যা ৪১০। এর মধ্যে প্রথম পর্বের ১৮০ জন ছাত্রী আগামী ডিসেম্বর ২০১৫ পাস করে বের হবেন। মিডওয়াইফ তৈরি করার পাশাপাশি আমাদের মিডওয়াইফারি শিক্ষক তৈরি করতে হচ্ছে।
একজন মিডওয়াইফই পারেন মা ও নবজাতকের ৮৭ শতাংশ প্রয়োজনীয় সেবা দিতে। মিডওয়াইফারি সেবার মধ্যে আছে প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রসব-পূর্ববর্তী-পরবর্তী ও নবজাতকের সেবা।
২০১৩ থেকে সরকারি ও বেসরকারিভাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু হয়েছে। গর্বের সঙ্গে বলছি, খুব কম দেশেই সরাসরি ডিপ্লোমা কোর্সটি আন্তর্জাতিক কনফেডারেশন অব মিডওয়াইফের শর্ত মেনে চালু হয়েছে। মিডওয়াইফরা হবেন সম্পূর্ণভাবে একটা নতুন ক্যাডার। এঁরা হবেন যোগ্যতাসম্পন্ন, প্রশিক্ষিত ও দক্ষ।
আমাদের দেশে মাত্র ৪২ শতাংশ প্রসব হয় প্রশিক্ষিত সেবা প্রদানকারীর মাধ্যমে। সবাইকে চিন্তা করতে হবে কীভাবে মিডওয়াইফদের শিক্ষা ও দক্ষতা কাজে লাগানো যায়। যাতে তাঁরা যেন স্বাধীন সত্তা নিয়ে কাজ করতে পারেন। এঁদের উপযুক্ত কাজের স্থান, পরিবেশ ও সম্মান দিতে হবে। তবে সতর্ক থাকতে হবে, আমাদের এই মিডওয়াইফদের অবস্থা যেন নার্সদের মতো শোচনীয় না হয়।


তাসনিম জারা

তাসনিম জারা
তাসনিম জারা

মিডওয়াইফরা একজন মাকে সার্বিক সেবা দেবেন। তাঁর তত্ত্বাবধানে একজন মা সুস্থ সন্তান জন্ম দেবেন। মিডওয়াইফের হাত ধরেই ভবিষ্যতের অনেক বড় মানুষ এ পৃথিবীতে আসবেন। তবে মিডওয়াইফদের কেবল মায়েদের সেবার মধ্যে সীমাবদ্ধ রাখলে তাঁদের যোগ্যতাকে সম্পূর্ণ ব্যবহার করা হবে না। দেশের কিশোর-কিশোরীরা আগামী দিনে মা-বাবা হবে। তাদের প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রজননস্বাস্থ্যের বিষয়টি কিশোর-কিশোরীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি তাদের স্বাস্থ্যসম্মত জীবনের নিশ্চয়তা দেয়। কিন্তু এ ব্যাপারে সাধারণত তারা কারও সঙ্গে আলোচনা করে না। আমাদের মিডওয়াইফরা এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার মিডওয়াইফরা এ কাজটি করছেন। আমরাও যদি এ সুযোগ নিই, তাহলে আমাদের তরুণদের ব্যাপক উন্নতি হবে।


আঁখি মণ্ডল

আঁখি মণ্ডল
আঁখি মণ্ডল

একজন মিডওয়াইফ মায়েদের শিক্ষকের ভূমিকা পালন করবেন। একটা সুখী পরিবার কেমন হবে, কখন সন্তান নেবেন, কখন নেবেন না ইত্যাদি বিষয়ে ধারণা দেবেন। মিডওয়াইফ একজন মায়ের সার্বক্ষণিক গাইড হিসেবে কাজ করবেন।
মায়ের আশপাশে যেসব কিশোর-কিশোরী থাকবে, তাদের প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বড় একটি সুযোগ করে দিয়েছেন। আজ একটি ভালো প্রতিষ্ঠানে পড়তে পারছি। জীবনে বড় একটা সুযোগ পাচ্ছি। আমরা ভবিষ্যতে কোথায় যাব, কী করতে পারি, এমন একটি ক্যারিয়ার প্ল্যান থাকতে হবে। তাহলে আমাদের কোনো অনিশ্চয়তা থাকবে না। আমাদের পড়ে জানতে হয় ৪০ শতাংশ। হাতে-কলমে শিখতে হয় ৬০ শতাংশ। হাতে-কলমে শেখার জন্য আমাদের আরও কিছু সুযোগ–সুবিধা দরকার।


মোমেনা খাতুন

মোমেনা খাতুন
মোমেনা খাতুন

দেশের মাত্র ৩৭ শতাংশ মা হাসপাতালে সন্তান প্রসব করেন। এর ২৪ শতাংশ প্রাইভেট হাসপাতালে, ১৩ শতাংশ সরকারি হাসপাতালে। এঁদের কেবল নিয়োগ দিলেই হবে না। মিডওয়াইফদের নিয়োগের স্থান ও সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে হবে।
কীভাবে হাসপাতালে প্রসবের সংখ্যা বৃদ্ধি করা যায়, সে ক্ষেত্রে কাজ করতে হবে। মিডওয়াইফরা যাতে তাঁদের কর্মস্থলে থাকেন এবং সেখানে কাজ করেন, সেটা নিশ্চিত করতে হবে। আজ ডাক্তাররা গ্রামে থাকছেন না। আরও অনেক সেবাদানকারী থাকছেন না। মিডওয়াইফরা যে থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাঁদের নিয়োগ দেওয়ার আগেই এটা ঠিক করতে হবে।
মিডওয়াইফ প্রশিক্ষণের জন্য ৩১টি কেন্দ্রকে আপগ্রেড করা হয়েছে। এরা প্রশিক্ষণের মান রক্ষা করছে কি না, সেটি নিশ্চিত করতে হবে। সঠিকভাবে প্রশিক্ষণ হচ্ছে কি না, প্রশিক্ষণের মান ঠিক থাকছে কি না, সেটা নিবিড় তদারকের মধ্যে রাখতে হবে। প্রশিক্ষেণর উপকরণগুলোর সঠিক ব্যবহার হচ্ছে কি না, সেদিকে লক্ষ রাখা এবং প্রশিক্ষণ উপকরণগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। মানসিকভাবে যেন মিডওয়াইফরা সব সময় দৃঢ় থাকেন, তাঁরা যেন যেকোনো জায়গায় কাজ করতে প্রস্তুত থাকেন, সে ব্যাপারে তাঁদের পরামর্শ সহায়তা দিতে হবে। মিডওয়াইফদের ভবিষ্যৎ নিয়ে একটা কর্মপরিকল্পনা থাকতে হবে।


হালিমা আক্তার

হালিমা আক্তার
হালিমা আক্তার

প্রতিটি প্রতিষ্ঠানে সরকার খুব মূল্যবান উপকরণ দিয়েছে। কিন্তু ক্লাসে রাখা যায় না। কারণ, ক্লাসরুমের নিরাপত্তার অভাব রয়েছে। শিক্ষার্থীদের শেখানোর জন্য প্রতিবার নির্দিষ্ট জায়গা থেকে আনতে হয়, আবার রেখে আসতে হয়। ফলে উপকরণগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বেশি।
এ জন্য অনেকে এ দায়িত্ব নিতে চান না। বিদেশে ক্লাসরুমগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্লাসে সব উপকরণ থাকে। ফলে খুব সহজেই প্রশিক্ষকেরা এগুলো ব্যবহার করতে পারেন। আমাদের দেশের ক্লাসরুমগুলোকে এ রকম আধুনিক করতে হবে। আমাদের শিক্ষকের সংকট রয়েছে। নার্সদের যেসব শিক্ষক প্রশিক্ষণ দিতেন, তাঁরা মিডওয়াইফদেরও প্রশিক্ষণ দিচ্ছেন। শুধু মিডওয়াইফদের জন্য কোনো শিক্ষক এখনো তৈরি হয়নি। তাই শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।
আলোচনায় প্রশিক্ষণের মানের বিষয়টি এসেছে। মান রক্ষা করতে হলে প্রশিক্ষকদের সুযোগ–সুবিধার বিষয়টিতে দৃষ্টি দিতে হবে। কারণ, প্রশিক্ষকেরা বলেন, ‘আমরা না–হয় কষ্ট করে পড়ালাম কিন্তু খাতা দেখার জন্য, হাতে-কলমে শেখানোর জন্য কোনো অর্থ দেওয়া হয় না। তাহলে কেন এত অতিরিক্ত কাজ করব।’ ডাক্তাররাও একই কথা বলেন।
তাই এ বিষয়টি বিবেচনা করতে হবে বলে মনে করি। মিডওয়াইফদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। ওঁরা এখন নার্সদের সঙ্গে থাকেন। এতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আর সার্বিক অবস্থা মূল্যায়ন করার জন্য একটি মূল্যায়ন কমিটি তৈরি করতে হবে।


সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা

সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা
সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা

আমাদের স্কিল বার্থ অ্যাটেনডেন্ট আছেন ৪২ শতাংশ। ফ্যাসিলিটি ডেলিভারির সুযোগ আছে ৩৭ শতাংশ। এ দুটিকেই ৫০ শতাংশে উন্নীত করতে হবে। বাংলাদেশ সরকার উন্নয়ন সহযোগীদের সঙ্গে কতকগুলো কর্মকৌশল নির্ধারণ করেছে। এ কৌশলের একটি দিক হলো মিডওয়াইফ তৈরি করা।
এক গবেষণায় দেখা গেছে, নার্সরা দিনের ২০ শতাংশ সময় মায়েদের জন্য ব্যয় করেন। এখানে একটা শূন্যতা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক মিডওয়াইফের মাধ্যমে মাতৃমৃত্যু ব্যাপক হারে কমিয়ে এনেছে।
মিডওয়াই মায়ের সম্পূর্ণ দায়িত্ব নেবেন। একটি ডেলিভারি করানোর জন্য তাঁর যথেষ্ট কারিগরি জ্ঞান থাকতে হবে। রোগীর প্রতি সহমর্মী হতে হবে। একজন মায়ের সঙ্গে যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে। তাঁর আত্মবিশ্বাস থাকতে হবে। বন্ধুভাবাপন্ন হতে হবে। তাহলে হাসপাতালে মায়ের সেবায় ব্যাপক পরিবর্তন আসবে।
ইউএনএফপিএ বিশ্বব্যাপী মাতৃস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে মিডওয়াইফারি বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা মিডওয়াইফারিদের ল্যাব (বিজ্ঞানাগার) সুবিধার বিষয়ে কাজ করছি। প্রশিক্ষকের মানের ক্ষেত্রে আমরা সহযোগিতা দেব। কিছু মিডওয়াইফকে বিদেশে পাঠাব অথবা বিদেশ থেকে অভিজ্ঞ প্রশিক্ষক আনব। দেশে যাঁরা আছেন, তাঁদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া যায় কি না, সেদিকে চেষ্টা করব। মিডওয়াইফ যাঁরা হবেন, তাঁরা কখন, কীভাবে, কোন বিষয়ে মায়েদের বোঝাবেন, এ ব্যাপারে মিডওয়াইফদের কাউন্সেলিং করা হবে। মিডওয়াইফ যেখানে থাকবেন, সেখানে এমন একটি পরিবেশ তৈরি করবেন, যেন তাঁর ওপর মায়েরা আস্থা পান।
মা যেন মনে করেন যে তিনি বাড়ির মতো সেবা পাবেন। সন্তান প্রসব করে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। এ আস্থা একজন মিডওয়াইফ মাকে দেবেন। মিডওয়াইফদের এভাবে তৈরি করতে আমরা সহযোগিতা দেব। গ্রামের মায়েদের মধ্যে আস্থা অর্জন করাই মিডওয়াইফদের প্রধান কাজ। ইউএনএফপিএ এসব কাজের অংশীদার হতে চায়।


লুবনা বেগম

লুবনা বেগম
লুবনা বেগম

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য। বাংলাদেশে মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে মিডওয়াইফারি ব্যাপক অবদান রাখবে। আমি একজন মাকে সার্বিক সেবা দেব, এটা আমরা জন্য গর্বের বিষয়। একজন মায়ের গর্ভধারণের আগে, গর্ভের সময় এবং পরে কী কী সমস্যা হতে পারে, এসব ব্যাপারে আমি একজন মাকে সহযোগিতা করব।
মা ও শিশুকে আরও ভালো সেবা দেওয়ার জন্য মিডওয়াইফারি শিক্ষা শেষ করার পর আরও উন্নত শিক্ষার প্রয়োজন। আরও উন্নত শিক্ষার ব্যবস্থা থাকলে বাংলাদেশে মা ও শিশুদের স্বাস্থ্যসেবার চিত্র বদলে যাবে। আমরা যেখানে কাজ করব, সেখানে কাজের পরিবেশ যাতে সুন্দর হয়। কর্তৃপক্ষ যেন এ ব্যবস্থা করে। আর আমাদের যদি নিজ নিজ উপজেলায় নিয়োগ দেওয়া হয়, আমাদের নিরাপত্তার সুবিধা হবে। আমরা আমাদের নিজের এলাকায় বেশি মনোযোগের সঙ্গে কাজ করতে পারব।


সুরাইয়া বেগম

সুরাইয়া বেগম
সুরাইয়া বেগম

বিশ্বে মিডওয়াইফের ইতিহাস অনেক পুরোনো। বাংলাদেশেও মিডওয়াইফরা কাজ কেরছেন। কিন্তু তাঁদের স্বীকৃতি ছিল না। ৫ মে ছিল আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। সেদিন এ বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। মিডওয়াইফদের কিছু চ্যালেঞ্জ থাকলেও তাঁরা মাতৃ ও শিশুমৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
এ অনুষ্ঠানে উপস্থিত দুজন মিডওয়াইফ শিক্ষার্থীর কথা থেকেও তার প্রমাণ পাই। তবে গ্রাম ও শহরের মানুষদের, বিশেষ করে মায়েদের মিডওয়াইফদের ভূমিকা সম্পর্কে ব্যাপকভাবে সচেতন করতে হবে। মিডওয়াইফরা যে মা ও শিশুর সার্বক্ষণিক বন্ধু, এটা বোঝাতে হবে।
ষাটের দশকে মিডওয়াইফের প্রচলন ছিল। মাঝে কিছুদিন মিডওয়াইফ ধারণাটি

অনুপস্থিত ছিল। আবার ফিরে এসেছে, এ জন্য আমরা খুশি। এখন কীভাবে এ ধারাটি অব্যাহত থাকে, এ বিষয়ে সবাইকে চেষ্টা করতে হবে। মিলেনিয়াম লক্ষ্য পূরণে মিডওয়াইফেরা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের সমাজ ও পরিবারে মিডওয়াইফদের গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে। তারা যেন এ ক্ষেত্রে প্রচার-প্রচারণা চালায়। মিডওয়াইফরা যাতে ভালোভাবে তাঁদের সেবা দিতে পারেন, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। মিডওয়াইফদের পরিপূর্ণ সেবার মাধ্যমে আগামী দিনে আমরা সমৃদ্ধ মা ও শিশু পাব।


রওশন আরা

রওশন আরা
রওশন আরা

আগে আমাদের নামের শুরুতেই ছিল অধ্যাপক অব মিডওয়াইফারি। পরে এটা পরিবির্তত হলো। আমার জীবনের অনেক কিছু মিডওয়াইফদের কাছ থেকে শেখা। একবার ঢাকা মেডিকেল থেকে বদলি হয়ে হলিফ্যামিলিতে গেলাম। তখন হলিফ্যামিলি প্রধানত ছিল মিডওয়াইফদের প্রশিক্ষণকেন্দ্র।
মিডওয়াইফদের ভালো ব্যবহারে সবাই মুগ্ধ হতাম। একজন মায়ের চুল বাঁধা থেকে শুরু করে সব কাজ করেন। মনে হতো নিজের মায়ের সেবা করছেন।
তাঁদের কাছে মা ও সন্তানকে রাখলে কোনো চিন্তা করতে হতো না। ইউনিয়ন পর্যায় থেকে শহর পর্যন্ত—সব জায়গায় বাচ্চা প্রসবের জায়গাটি সবচেয়ে নোংরা। বালতি, মগ, বাথরুম, ফ্লোর—সবই নোংরা। অনেক উন্নতি হচ্ছে। কিন্তু এখানটায় খুব একটা উন্নতি হচ্ছে না। জেলা শহরের অনেক হাসপাতালে দেখেছি কুকুর শুয়ে আছে, তেলাপোকা হাঁটাচলা করছে—এমন জায়গায় মায়েরা বাচ্চা প্রসব করেন। সন্তান প্রসবের জায়গাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে।
একজন নার্স বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখেন। কিন্তু মিডওয়াইফরা সর্বক্ষণ মায়েদের দেখাশোনা করেন। এখন সন্তান প্রসবের জায়গাটি এমন হতে হবে যেন সেখানে সর্বক্ষণ থেকে একজন মিডওয়াইফ মাকে সেবা দিতে পারেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সব সময় অর্থ লাগে না। এটা রুচি ও মানসিকতার ব্যাপার। কর্তৃপক্ষের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
মিডওয়াইফারি প্রশিক্ষণের সঙ্গে ডাক্তারদের সম্পৃক্ত করতে হবে। তাহলে সবার মধ্যে যোগাযোগ ভালো থাকবে। দেশে এখন ৩৬টি মিডওয়াইফ কেন্দ্র আছে। মিডওয়াইফারি কাজে স্থানীয় মেয়েদের সম্পৃক্ত করার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। খুবই সতর্ক থাকতে তদারকের বিষয়টিতে। সঠিক তদারকের অভাবে অনেক জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারিনি। মিডওয়াইফারি সেবা মা ও শিশুর মৃত্যুরোধে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করি।


রন্ডি এন্ডারসন

রন্ডি এন্ডারসন
রন্ডি এন্ডারসন

মিডওয়াইফারির বিষয়ে গ্র্যাজুয়েট ও মাস্টার্স করেছি। ইতিমধ্যে কয়েকটি দেশে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশে মিডওয়াইফাররা ব্যাপক ভূমিকা রাখবেন বলে বিশ্বাস। কারণ, দেখেছি বাংলাদেশ প্রশিক্ষণের শুরুতেই আন্তর্জাতিক মিডওয়াইফারি মান রক্ষা করছে। সময়ের সঙ্গে এটা আরও উন্নত হবে। এখানে মিডওয়াইফারির বিষয়ে যে উপস্থাপনা দেখানো হয়েছে, সেখানে অনেক বিষয় এসেছে। এ দেশের জনসংখ্যার একটা বড় অংশ কিশোর-কিশোরী। কেবল নারী নয়, কিশোর-কিশোরীদের ক্ষেত্রেও মিডওয়াইফরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। প্রজননস্বাস্থ্য সম্পর্কে তাদের ধারণা দিতে পারবেন।
ফলে মায়েরা যেমন মিডওয়াইফদের দ্বারা উপকৃত হবেন, তেমনি কিশোর-কিশোরীরাও উপকৃত হবে। মিডওয়াইফরা সমাজের মা ও শিশুর সার্বিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটাবেন। তাঁদের কাজ বাংলাদেশ সরকারের মিলেনিয়াম লক্ষ্য পূরণে সহায়তা করবে।

নূর হোসেন তালুকদার: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের মিডওয়াইফারি প্রশিক্ষণ দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর আগে উন্নয়ন খাতে ছিল। বিগত আওয়ামী লীগ সরকার একে রাজস্ব খাতে আনে।
সরকার মিডওয়াইফারিকে একটা আলাদা পেশা প্রবর্তন করেছে। এতে মা ও শিশুদের সেবার পরিধি আরও বাড়বে। এখন মিডওয়াইফারি ইনস্টিটিউট হোক, তারা ভালো প্রশিক্ষণ নিক, কাজের পরিবেশ ভালো হোক, সব ধরনের সুযোগ–সুবিধা পাক—এটা আমরা চাই।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউভিসহ অন্যদের কোয়ার্টার দেওয়া হয়েছে। ভাড়া নামেমাত্র ৫০০ টাকা কিন্তু তা–ও তাঁরা সেখানে থাকেন না। বিভিন্ন অজুহাতে চলে আসতে চেষ্টা করেন। এই মিডওয়াইফদের নিয়োগ হবে ইউনিয়ন ও উপজেলায়। এঁরা যে সেখান থেকে কাজ করবেন, কীভাবে এর নিশ্চয়তা পাব?
কেবল পরিবার-পরিকল্পনা অধিদপ্তর নয়, অনেক ক্ষেত্রেই এ সমস্যা দেখা দিচ্ছে। আমরা এফডব্লিউভিদের নিয়োগপত্রে লিখে দিই, কমপক্ষে দু-তিন বছরের আগে বদলির সুপারিশ করলে চাকরি নেই বলে গণ্য হবে। এরপরও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে সুপারিশের চেষ্টা করেন।
মিডওয়াইফরাও এটা করবেন না, এর কি নিশ্চয়তা আছে? আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে এঁরা গ্রামপর্যায়ে থেকে মায়েদের সেবা দেবেন। প্রামীন পরিবেশে থেকে মায়েদের সেবা দেওয়ার জন্য যা যা করা দরকার আগে সটো করতে হবে, যােত তাঁর গ্রামে থাকেন। মিডওয়াইফদের প্রশিক্ষণের সময় এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে আনতে হবে। তাহলে মিডওয়াইফের সঠিক সুফল পাওয়া যাবে।

আব্দুল কাইয়ুম: গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত মিডওয়াইফ যেন থাকেন, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে তিন হাজার মিডওয়াইফ নিয়োগ হবে। গ্রামীণ পরিবেশে থেকে তাঁদের সেবার নিশ্চয়তা দিতে হলে নিরাপত্তা ও কাজের পরিবেশসহ বিভিন্ন সুযোগ–সুবিধা দিতে হবে। কর্তৃপক্ষ এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।


১৬ মে ২০১৫ প্রথম আলোর আয়োজনে ‘মিডওয়াইভস—সুন্দর আগামীর জন্য’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো
সহযোগিতায়:
একজন দক্ষ ও পেশাদার মিডওয়াইফ, মা ও নবজাতকের মৃত্যুরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মিডওয়াইফ একজন মাকে গর্ভধারণের শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় পরিচর্যার মধ্যে রাখেন
পরিকল্পনা
ও প্রস্তুতি
শুরু থেকেই সুস্বাস্থ্য নিশ্চিতকরণ
আগে থেকেই নিরাপত্তা নিশ্চিতকরণ

ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন
মাতৃমৃত্যুর অন্যতম করণগুলো হচ্ছে: অতিরিক্ত রক্তক্ষরণ, খিঁচুনি ও বিলম্বিত প্রসব।
৩১ শতাংশ মা অতিরিক্ত রক্তক্ষরণ, ২০ শতাংশ মা খিঁচুনি ও ৬ দশমিক ৫ শতাংশ মায়ের বিলম্বিত প্রসবের কারণে মৃত্যু হয়। প্রসবের সঙ্গে সম্পর্ক নেই, এমন কারণে ৩৬ দশমিক ৫ শতাংশ মায়ের মৃতু্য হয়। একজন প্রশিক্ষিত মিডওয়াইফ এসব মৃত্যুরোধে গুরুত্বপূর্ণ ভূিমকা রাখতে পারেন।
সূত্র: বিএমএমএস

আলোচনায় সুপারিশ
 সবার চেষ্টায় মিডওয়াইফারি পেশাকে আরও সুপ্রতিষ্ঠিত করতে হবে
 মা যদি সঠিক সময়ে সঠিক স্থানে থাকেন, তাহলে মাতৃমৃত্যুর প্রধান তিনটি কারণ—রক্তক্ষরণ, খিঁচুনি ও বিলম্বিত প্রসব প্রতিরোধ করা সম্ভব
 মিডওয়াইফদের নিয়োগের স্থান ও সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে হবে
 সন্তান প্রসবের জায়গাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে
 মিডওয়াইফ প্রশিক্ষণের জন্য ৩১টি কেন্দ্রকে আপগ্রেড করা হয়েছে। এরা প্রশিক্ষণের মান রক্ষা করছে কি না, সেটা নিশ্চিত করতে হবে

যাঁরা অংশ নিলেন
নূর হোসেন তালুকদার : মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিচালক, মা ও শিশু
নিলোফার ফরহাদ : পরিচালক (ভারপ্রাপ্ত), ডিরেক্টরেট অব নার্সিং সার্ভিস
সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা : বিশেষজ্ঞ উপদেষ্টা, মাতৃস্বাস্থ্য, ইউএনএফপিএ
শামিনা শারমীন : ম্যাটারনাল হেলথ স্পেশালিস্ট, ইউএনএফপিএ
রওশন আরা : সভাপতি, ওজিএসবি (অবস্ট্রিটিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি, বাংলাদেশ)
হালিমা আক্তার : সভাপতি, বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটি, ঢাকা নার্সিং কলেজ
সুরাইয়া বেগম : রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং কাউন্সিল
ইসমাত ভূঁইয়া : পরিচালক, মিডওয়াইফ প্রোগ্রাম, মিডওয়াইফ ও নার্সিং বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
মোমেনা খাতুন : সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ, ডিফ্যাটডি, কানাডা
রন্ডি এন্ডারসন : ইন্টারন্যাশনাল মিডওয়াইফারি অ্যাডভাইজর, ইউএনএফপিএ
তাসনিম জারা : সভাপতি, জাতিসংঘ যুব উপদেষ্টা পরিষদ
আঁখি মণ্ডল : শিক্ষার্থী, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ঢাকা নার্সিং কলেজ
লুবণা বেগম : শিক্ষার্থী, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ঢাকা নার্সিং কলেজ
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো