মিডল চরের শিশুর সকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির মতোই ঢেউ তোলা বালুর চর। সহজে লোকজনের দেখা মেলে না। চারদিক ধু-ধু করছে। কোথাও কেউ পা ফেলেনি। কোথাও মাথা তুলেছে শণের ঝোপ। রাজশাহী শহর থেকে দুই কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর এই চরের নাম ‘মিডল চর’।এখানে বাথানের সামনে বালুর ওপর থালা রেখে পান্তাভাতের পানিতে হাত ডুবিয়েছে হাশেম। বয়স বড়জোর ১৩। তার পাশেই ভাতের পোঁটলা খুলছে সিরাজ (১০)। আর খেতে বসার প্রস্তুতি নিচ্ছে সিদু (১২)। পান্তাভাতের থালার পাশে বাটিতে আলু আর ডালের বড়ির তরকারি। গরু নিয়ে রাতে বাথানেই ছিল ওরা। হাশেমের হাতে ঘড়ি আছে। সে ঘড়ি দেখল। সকাল সাতটা। ভাত খাওয়া শেষে গরুর পাল নিয়ে বের হতে হবে। হাশেম ও সিদুর ১৩টি করে ও সিরাজের ২২টি গরু আছে। আছে বাছুরও। সকালবেলায় বাছুরগুলো গায়ে গা লাগিয়ে শুয়ে আছে। কার বাছুর কী করে ঠিক করে—জানতে চাইলে হাশেম বলে, এগুলোর মা এলেই যে যার মায়ের কাছে দৌড়ে যাবে। রাতে কোথায় ঘুমিয়েছিলে জিগ্যেস করার সঙ্গে সঙ্গে সিরাজ বলে, এখানেই।গত বৃহস্পতিবার ওদের সঙ্গে কথা বলে জানা গেল, মাস খানেক আগে তারা এখানে বাথান করেছে। রাজশাহী শহর থেকে নৌকায় পদ্মা নদী পার হয়ে দুই কিলোমিটার হেঁটে মিডল চরে যেতে হয়। রাস্তা বলে কিছু নেই। মিডল চর পার হয়ে আরও দুই কিলোমিটার গেলে মূল পদ্মা নদী।গরু নিয়ে ভয় হয় না, চোর-ডাকাত আসে না? এমন প্রশ্নের জবাবে সিদু বলে, ‘এহানে চোর-ডাকাতের কোনো খাওন নাই।’ এইটুকুন শিশুর মুখে এমন কথা শুনে চমকে উঠতে হয়। হাশেম তার কথার সঙ্গে যোগ করে বলে, ‘চোর-ডাকাত এসে একটা গরু নিয়ে যাওয়ার পারব না। শুয়ে পড়ব। না হলে সব গরু সঙ্গে যাওয়া শুরু করব। একবার ডাকাত এসে নিয়ে যাবার পারেনি। রাস্তায় গরু কাইটে থুইয়ে গেছিল।’তোমরা তো তিনজনই ছোট, গরু সামলাও কী করে, গরু কি তোমাদের কথা শোনে? প্রশ্ন শুনে তিনজনই হেসে বলে, ‘কন কী?’ স্কুলে যাও না—জানতে চাইলে হাসি থামিয়ে তারা বলে, ‘নাহ্’। খাবার আসে কোথা থেকে জানতে চাইলে তারা বলে, তাদের মা-বাবারা নদীর ওপার থেকে প্রতিদিন তিনবেলা খাবার দিয়ে যান।