মিডিয়া মনিটরিং সেল গঠনের ঘোষণায় আসকের উদ্বেগ
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণের জন্য সরকারের ‘মিডিয়া মনিটরিং সেল’ গঠনের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ৪ মে জাতীয় সংসদের অধিবেশনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সেল গঠনের ঘোষণা দেন।
গতকাল রোববার পাঠানো আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ৪ মে সংসদ অধিবেশনে মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, কিছু কিছু মিডিয়া ও ব্লগ হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মবিশ্বাসের বিরুদ্ধে লেখালেখি করে সমাজে আস্তিক-নাস্তিক বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।
আসকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন মন্তব্য ও পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে বলে আসক শঙ্কিত। আসক আশা করে, সরকার মনিটরিং সেল গঠনের বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলে ধীরস্থির এবং সুচিন্তিত পদক্ষেপ নেবে।