
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যমের মধ্যে আছে নিবিড় সম্পর্ক। সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া এখন উপভোগ করছে মতপ্রকাশের স্বাধীনতা। এ কারণে বর্তমানে বেসরকারি গণমাধ্যমের সংখ্যা ক্রমেই বাড়ছে।
গতকাল সোনারগাঁও হোটেলে বেসরকারি টেলিভিশন বাংলা টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সুযোগের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের প্রসার ও বিকাশে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম, যা গণতন্ত্রকে সুসংহত করে। গণমাধ্যম দ্বারা জনগণ বিভিন্ন তথ্য জানতে পারে, যার মাধ্যমে জনমত গড়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, বাংলা টিভির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামেদুল হক প্রমুখ।